মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন ২১ বছরের এক তরুণী। কিন্তু মাদরাসায় পৌঁছানোর আগেই কৌশলে তাকে একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভুক্তভোগীর পক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহিন মিয়া (৩৬), রুবেল (৪২) ও রেজাউল করিম জয় (২২)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে শাহিনের বাড়িতেই ঘটনাটি ঘটেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে মাদরাসার উদ্দেশে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামের শাহিন মিয়া ও তার সহযোগীদের সহায়তায় কৌশলে ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৫) এর ৯(১) ও ৩০ ধারায় মামলা হয়েছে।