এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশের ফর্টিস এফসি। শনিবার রাতে কুয়েতের হাওয়াল্লির মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক কাদসিয়া এসসির কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের ক্লাবটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফর্টিস। পঞ্চম মিনিটে অনন্ত তামাংয়ের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোল পাওয়া হয়নি তাদের। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাদসিয়া। পেনাল্টি থেকে হামজা খাবারের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল।
প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে কাদসিয়া। তবে ফর্টিসের গোলরক্ষক সুজান পেরেরার কয়েকটি দুর্দান্ত সেভে আর গোল পায়নি তারা। ফলে এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কুয়েতের ক্লাবটি। ম্যাচের ৭১ মিনিটে হামজা খাবারের পাস থেকে গোল করে কাদসিয়ার ব্যবধান দ্বিগুণ করেন আইয়ুব লাখদার। নির্ধারিত সময়ের শেষ দিকে আবদাল্লাহ আহমেদ আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এই হারে গ্রুপ পর্বে পয়েন্টশূন্য থেকে যাত্রা শুরু হলো ফর্টিসের। পরের ম্যাচে ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে বাংলাদেশের দলটি। অন্যদিকে, নিজেদের পরবর্তী ম্যাচে তাজিকিস্তানের রেগার-তাদআজের বিপক্ষে খেলবে কাদসিয়া।