রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একটি ইসিজি (ইসিজি) মেশিন হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালের নতুন ভবন চত্বরে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসিজি মেশিন হস্তান্তর করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
এ সময় সংসদ সদস্য মমতাজ আলো বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকট দ্রুত নিরসনে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্বরে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।