বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আড়াই মাস পর গ্রেপ্তার আসামি

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রংপুরের কাউনিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎসকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় আড়াই মাস আত্মগোপনে থাকার পর সোমবার তাকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে র‌্যাব-১-এর সহায়তায় আটক করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, গ্রেপ্তার হওয়া আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জাগরণ পাগড়া এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে ১৮ বছর বয়সী এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর গত বছরের ২ ডিসেম্বর বিয়ের আশ্বাস দিয়ে আজমাইন ওই ছাত্রীকে রংপুর আদালতসংলগ্ন এলাকায় নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বিয়ে হয়েছে বলে বিশ্বাস করান। পরে বিভিন্ন স্থানে স্ত্রী পরিচয়ে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তীতে কাবিননামা দেখতে চাইলে অভিযুক্ত নানা অজুহাত দিতে থাকেন। পরে চলতি বছরের ২৪ এপ্রিল ভুক্তভোগী সাক্ষীদের নিয়ে তার বাড়িতে গেলে আজমাইন জানান, তিনি আগে থেকেই বিবাহিত এবং তাকে বিয়ে করা সম্ভব নয়। অভিযোগ রয়েছে, এ সময় তিনি টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন এবং গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, ভুক্তভোগী গত ৬ মে রংপুর আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১২ মে হারাগাছ থানায় ধর্ষণ মামলা রুজু হয়। এরপর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর র‌্যাব-১-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 

শু/আজা

বিষয়:

রংপুর
এলাকার খবর

সম্পর্কিত