ইরানে মার্কিন হামলায় সামুদ্রিক নজরদারি টাওয়ার ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ইরানের বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মাকরান অঞ্চলের চাবাহার বন্দরের একটি সামুদ্রিক ট্রাফিক কন্ট্রোল টাওয়ার মার্কিন হামলায় ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় চাবাহার বন্দরের ওই সামুদ্রিক নজরদারি টাওয়ারটি ধ্বংস হয়। ইরান এ ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেছে, হামলার মাধ্যমে ওই অঞ্চলের জেলেদের জীবিকা ও বেসামরিক নৌচলাচলের নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে সম্পূর্ণ বেসামরিক একটি স্থাপনা ধ্বংস হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোয় এই হামলা পশ্চিমাদের দ্বৈতনীতি এবং ওয়াশিংটনের আন্তর্জাতিক চুক্তির প্রতি অবজ্ঞার প্রমাণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোয় মার্কিন হামলার পর বিদ্যুৎ গ্রিডে চাপ সৃষ্টি হওয়ায় নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে ইরানের জ্বালানি মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলের এলাকাগুলো তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোয় হামলার প্রভাব মোকাবিলা করছে। তবে বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন নাকি অন্য কোনো সরঞ্জামে হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত করে পুনরায় চালুর কাজ চলছে। একই সঙ্গে বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতাও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে ইরান দাবি করে, কুয়েতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে দেশটির হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) প্ল্যাটফর্ম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তেহরানের দাবি, এসব স্থাপনায় মার্কিন বাহিনী ও ইসরায়েল-সমর্থিত যোদ্ধারা অবস্থান করছিল।

সূত্র: আল জাজিরা

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত