ইরানে সামরিক স্থাপনার পাশাপাশি এবার সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও রেলস্টেশনের মতো বেসামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গতকাল রাতে চালানো এসব হামলায় অন্তত ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের তিনটি সেতু, একটি ট্রেন স্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, হামলায় দেশটির আরও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএফপির তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির, বন্দর আব্বাসসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।
ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। হরমুজগান প্রদেশে মূলত সড়ক, রেলপথ ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় বিধ্বস্ত হয়েছে। এছাড়া কিশ দ্বীপে বিমান হামলার কারণে হরমুজগান প্রদেশের কয়েকটি এলাকায় অল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গত রাতের হামলার মধ্য দিয়ে ইরানে মার্কিন বাহিনীর অভিযান টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে। এর আগে গত ১৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে রাজি না হলে দেশটির সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।
ট্রাম্পের ওই হুমকির মাত্র দুই দিনের মাথায় ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলা চালাল মার্কিন বাহিনী।
শু/আজা