ব্যাপক যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছে আদালত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

২০১৭ সালের সামরিক অভিযানে হাজারো মানুষ হত্যা

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের বেঞ্চে ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করল আইসিজে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। চালিয়েছে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় বেসামরিক মানুষের ওপর হামলা। বহু রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া ও ধ্বংসের ঘটনাও প্রমাণের অংশ হিসেবে বিবেচনায় নিয়েছে আদালত।

বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, আদালতের কাছে উপস্থাপিত প্রমাণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। নির্দিষ্ট কয়েকটি ঘটনার ক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল বলে সিদ্ধান্তে পৌঁছেছে আদালত। গণহত্যার আইনি সংজ্ঞা পূরণে এ ধরনের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ।

আদালতের এই রায় বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে যুক্ত হয়ে কক্সবাজারের শিবিরগুলোতে এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। দীর্ঘদিন ধরে অনিশ্চিত প্রত্যাবাসন, নিরাপত্তাহীনতা ও মানবিক সংকটের মধ্যে থাকা এই জনগোষ্ঠীর কাছে রায়টি ন্যায়বিচারের প্রত্যাশায় গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা আবেদনে গাম্বিয়া অভিযোগ করে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত অভিযান চালিয়েছে। দেশটি আদালতের কাছে গণহত্যা বন্ধ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়েছিল।

মামলায় গাম্বিয়ার মূল বক্তব্য ছিল, মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে শুধু নিরাপত্তা অভিযান হিসেবে দেখার সুযোগ নেই। হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি ও গ্রাম পুড়িয়ে দেওয়া এবং বিপুলসংখ্যক মানুষকে দেশ ছাড়তে বাধ্য করার ঘটনাগুলো একত্রে বিবেচনা করলে রোহিঙ্গাদের একটি জনগোষ্ঠী হিসেবে ধ্বংস করার অভিপ্রায় স্পষ্ট হয়।

অন্যদিকে মিয়ানমার অভিযোগ অস্বীকার করে দাবি করে, ২০১৭ সালের অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) যোদ্ধাদের হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান। দেশটির বক্তব্য ছিল, নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কোনো জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে নয়। তবে আদালত উপস্থাপিত প্রমাণ ও ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে মিয়ানমারের এই যুক্তি গ্রহণ করেনি।

গণহত্যা সনদের আওতায় কোনো জনগোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা এবং তাদের শারীরিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে এমন জীবনযাপনের পরিস্থিতি তৈরি করা গণহত্যার অপরাধের অন্তর্ভুক্ত হতে পারে। তবে শুধু ব্যাপক হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণ থাকলেই গণহত্যা প্রতিষ্ঠিত হয় না; সংশ্লিষ্ট জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ও প্রমাণ করতে হয়। আইসিজে মিয়ানমারের কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই আইনি মানদণ্ড পূরণ হয়েছে বলে সিদ্ধান্ত দিয়েছে।

আদালত আরও বলেছে, মিয়ানমার গণহত্যা প্রতিরোধে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করেনি। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা এবং গণহত্যার ঝুঁকি সম্পর্কে দেশটির জানার যথেষ্ট কারণ ছিল। তা সত্ত্বেও এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। গণহত্যা সনদের আওতায় অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও মিয়ানমারের ব্যর্থতার বিষয়টি আদালতের বিবেচনায় এসেছে।

রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের প্রতিকার ও ভবিষ্যৎ। গাম্বিয়া আদালতের কাছে ক্ষতিপূরণ, নিরাপদ প্রত্যাবাসন এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দায় মিয়ানমারের ওপর আরোপ করেছে; ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারগুলোর পুনর্মিলনের বিষয়টিও রায়ের গুরুত্বপূর্ণ অংশ।

তবে এই রায়ের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা বা রাজনৈতিক নেতাদের ব্যক্তিগতভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে। আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের দায় নির্ধারণ করে। ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের ফৌজদারি বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানের।

আইসিজের রায় চূড়ান্ত ও আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সরাসরি শাস্তি কার্যকরের ব্যবস্থা নেই। কোনো রাষ্ট্র রায় বাস্তবায়ন না করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। ফলে রায়ের বাস্তব প্রয়োগ, ক্ষতিপূরণ আদায় এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের বড় অংশ বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। সেখানে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সংকট দীর্ঘদিনের। মিয়ানমারে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় তাঁদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পরিবেশও এখনো তৈরি হয়নি।

দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আসা এই রায় রোহিঙ্গা সংকটের আইনি দায় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে আদালতের সিদ্ধান্তের পরও বাস্তুচ্যুত মানুষের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আসবে কি না, তা নির্ভর করবে মিয়ানমারের রায় বাস্তবায়ন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ এবং নিরাপদ প্রত্যাবাসনের বাস্তব পরিবেশ তৈরির ওপর।

১

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

২

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

৩

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

৪

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে চিঠি

৫

শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি নিয়ে ফের চিঠি হাইকমিশনে

৬

গোপালগঞ্জে সহিংসতা ছড়ানোর শঙ্কা, চার জেলায় বিশেষ নিরাপত্তার সুপারিশ

৭

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তাপ, নিরাপত্তার পরীক্ষায় বিএনপি সরকার

৮

কারিনার ফ্যাশন যেন ‘রাজায় রাজায় টক্কর’

৯

মাথায় ইটের আঘাতের চিকিৎসা করাতে গিয়ে ১৩ বছর পর স্মৃতি ফিরে পেলেন বেবী

১০

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা

১১

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

১২

এপেক সম্মেলনে পুতিনের সঙ্গে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

১৩

‘রাফাল অকেজো, পাকিস্তানের সঙ্গে সংঘাতে বিপাকে পড়েছিল ভারত’

১৪

২ বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার নির্দেশ আইসিজের

১৫

আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }