দুই বছরের মধ্যে প্রত্যাবাসন ও সম্পত্তি পুনরুদ্ধারের পদক্ষেপ জানাতে হবে | যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাশে বহিষ্কার, জাতিসংঘের স্বাগত
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইন রাজ্যে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক ঐতিহাসিক রায়ে ৯-৬ ভোটে আদালত এ সিদ্ধান্ত দেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার দায়েও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, হারানো বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের। সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যেসব ক্ষতির প্রতিকার সম্ভব হবে না, সেসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারণ করবে আদালত। এ জন্য রায় ঘোষণার দুই বছরের মধ্যে প্রত্যাবাসন, সম্পত্তি পুনরুদ্ধারসহ ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন আইসিজেতে জমা দিতে হবে মিয়ানমারকে।
রায় পাঠ করার সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক ১৯৪৮ সালের কনভেনশনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
বিচারকদের মতে, এসব সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ব্যাপকতা, ধরন ও লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি সামরিক প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে গিয়েছিল। এর পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল। গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ অপরাধ সংঘটনের পাশাপাশি মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত বেসামরিক ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটিত হওয়া প্রতিরোধেও ব্যর্থ হয়েছে।
আদালত আরও বলেছে, গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব পালন করেনি মিয়ানমার। এ ছাড়া গণহত্যা কনভেনশনের বাধ্যবাধকতা কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নেও দেশটি ব্যর্থ হয়েছে। আদালতের আগের নির্দেশ অনুযায়ী গণহত্যার অভিযোগ-সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টিও রায়ে উঠে এসেছে।
তবে আদালত একটি অভিযোগে মিয়ানমারকে দায়ী করেননি। ১৪-১ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে রায়ের সব সিদ্ধান্ত একই ভোটে হয়নি; গণহত্যার দায় নির্ধারণ এবং গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার বিষয়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।
রায়ে মিয়ানমারকে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গণহত্যা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন, ২০১৭ সালের সামরিক অভিযানে অপরাধ সংঘটনের যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তি নিশ্চিত করা। ভবিষ্যতে একই ধরনের অপরাধ যাতে না ঘটে, সে জন্য কার্যকর নিশ্চয়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থাও নিতে হবে দেশটিকে।
প্রত্যাবাসনের ক্ষেত্রে আদালতের নির্দেশে বলা হয়েছে, মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। পরিবারগুলোকে পুনর্মিলনের সুযোগ দেওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত ও সামষ্টিক সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অথবা সমপরিমাণ সম্পত্তি দিয়ে প্রতিস্থাপন করতে হবে। নিহতদের মরদেহের সন্ধান, উদ্ধার, শনাক্তকরণ ও মর্যাদার সঙ্গে দাফনের উদ্যোগ এবং সহিংসতায় শারীরিক বা মানসিকভাবে আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার নির্দেশও রয়েছে।
এ রায়ের পরপরই মিয়ানমারের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ পদক্ষেপের কথা জানান। একই সঙ্গে রায় নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে লন্ডন।
এড মিলিব্যান্ড বলেন, আইসিজের ঐতিহাসিক রায় প্রমাণ করেছে, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। যুক্তরাজ্য আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। মিয়ানমারের সামরিক জান্তার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার পাশাপাশি ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে আগামী দিনগুলোয় আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও আইসিজের রায়কে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ রায় গণহত্যার শিকার রোহিঙ্গাদের দুর্ভোগের শক্তিশালী স্বীকৃতি এবং ভয়াবহ অপরাধের দায়মুক্তি যে গ্রহণযোগ্য নয়, তার স্পষ্ট বার্তা। তাঁর ভাষ্য অনুযায়ী, আদালত ২০১৭ সালের অভিযানে ১০ হাজারের বেশি মানুষ হত্যার পাশাপাশি ধর্ষণ, যৌন সহিংসতা ও চরম নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন।
গুতেরেস বলেন, আইসিজের রায় চূড়ান্ত, বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের যথাযথ প্রতিকার, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে হবে। মিয়ানমারে দায়মুক্তির সংস্কৃতি ভেঙে জবাবদিহি প্রতিষ্ঠা জাতীয় পুনর্মিলন ও স্থায়ী শান্তির জন্য অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
রায়কে রোহিঙ্গাদের বিজয় হিসেবে অভিহিত করেছেন মামলাকারী দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো। বৃহস্পতিবার দ্য হেগে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই বিজয় রোহিঙ্গাদের। তারা টিকে থেকেছেন, সাক্ষ্য দিয়েছেন। আর আজ তারা বিশ্বাস করবেন।’ ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মামলায় গাম্বিয়াকে সমর্থন দেয়। মামলায় ১১টি দেশও আদালতে হস্তক্ষেপের মাধ্যমে কনভেনশনের ব্যাখ্যা-সংক্রান্ত বক্তব্য তুলে ধরে।
বাংলাদেশও রায়কে রোহিঙ্গা সংকটের ন্যায়বিচার ও প্রত্যাবাসন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের দশম বছরে ও পরবর্তী সময়ে: নতুন করে করণীয় নির্ধারণ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মানবিক সহায়তা কখনো রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না। একইভাবে উন্নয়নমূলক উদ্যোগের আড়ালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির প্রয়োজনীয়তাও উপেক্ষা করা যাবে না।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশে ফিরে যাওয়ার মধ্যেই নিহিত। এ জন্য রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবের কথা উল্লেখ করে তিতুমীর বলেন, বাংলাদেশ একটি সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে। এর মধ্যে রয়েছে মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যাবাসনের বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি, বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা অব্যাহত রাখা, আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে বিচার ও জবাবদিহি এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।
তিতুমীর জানান, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং যাচাইয়ের জন্য দেশটির কাছে আট লাখের বেশি রোহিঙ্গার তথ্য হস্তান্তর করেছে। তবে গত দুই বছরে রাখাইনের পরিস্থিতিতে পরিবর্তন এলেও নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি। বাংলাদেশ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং মিয়ানমারকে তার নাগরিকদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালনে দায়বদ্ধ রাখবে।
দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি উন্নয়ন সহযোগীদের স্বল্পমেয়াদি ও বিচ্ছিন্ন সহায়তার পরিবর্তে পূর্বানুমানযোগ্য, বহু বছর মেয়াদি অর্থায়নের আহ্বান জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মানবিক সহায়তা ছিল প্রায় ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ২০২৫ ও ২০২৬ সালে তা বছরে ৫০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। চলতি বছরের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৭১ কোটি ৫ লাখ ডলার সহায়তা চাওয়া হলেও পরিকল্পনাটি প্রকাশের সময়ই অর্থায়নের ঘাটতি ছিল ৩৭ শতাংশ।
তিতুমীর বলেন, সহায়তা কমিয়ে দিলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত হবে না; বরং দুর্ভোগ বাড়বে এবং তরুণদের মানব পাচার, মাদক নেটওয়ার্ক ও সশস্ত্র গোষ্ঠীর ঝুঁকিতে ঠেলে দিতে পারে। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও জীবিকার সুযোগ তৈরি করতে হবে, যাতে প্রত্যাবাসনের পর তারা নিজেদের জীবন পুনর্গঠন করতে পারে। এসব উদ্যোগে উখিয়া ও টেকনাফের আশ্রয়দাতা জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো ও পরিবেশগত চাহিদাও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে বলে জানান অর্থ উপদেষ্টা। ২০২৪ সালের শুরু থেকে নতুন করে এসেছে প্রায় দেড় লাখ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা, বন ও কৃষিজমি, কর্মসংস্থান, পণ্যমূল্য এবং সরকারি সেবার ওপর চাপ বেড়েছে। তাই রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্যও দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন তিনি।
আইসিজের রায় রোহিঙ্গা গণহত্যার দায় আন্তর্জাতিক আইনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অগ্রগতি হলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক; তবে তা বাস্তবায়নে আদালতের নিজস্ব সরাসরি বলপ্রয়োগের ব্যবস্থা নেই। ফলে প্রত্যাবাসনের জন্য রাখাইনে নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং রায়ের নির্দেশনা বাস্তবায়নে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ বজায় রাখা জরুরি। রায়কে বাস্তবে রূপ দিতে গাম্বিয়া, বাংলাদেশ, জাতিসংঘ ও অন্যান্য দেশের কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।