রাষ্ট্র হিসেবে গণহত্যার দায়ে দোষী মিয়ানমার, ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের পথ খুলতে পারে রায়
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে ঘোষিত এই ঐতিহাসিক রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক চাপ বাড়ানোর সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, ক্ষতিপূরণ, নাগরিকত্ব এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার দাবিকে আরও শক্তিশালী করেছে।
তবে আদালতের রায় এলেই রোহিঙ্গাদের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আসবে না। মিয়ানমারকে রায় বাস্তবায়নে বাধ্য করার কার্যকর ব্যবস্থা, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নাগরিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নগুলো এখনো বড় চ্যালেঞ্জ। ফলে রায়টি আইনি বিজয় হলেও বাস্তবে তার সুফল পেতে দীর্ঘ কূটনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে।
আইসিজের ১৫ বিচারকের বেঞ্চ ৯-৬ ভোটে সিদ্ধান্ত দিয়েছে, ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা করেছে এবং ১৯৪৮ সালের গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আদালত বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া মানুষের ওপর হামলা করেছে। মিয়ানমারের এই অভিযানকে বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ নিরাপত্তা অভিযান হিসেবে দেখানোর যুক্তিও আদালত গ্রহণ করেনি।
মিয়ানমারের সামনে কী ঝুঁকি
এই রায়ের প্রথম ও সবচেয়ে বড় প্রভাব হলো, গণহত্যার দায় এখন আন্তর্জাতিক আইনে মিয়ানমার রাষ্ট্রের ওপর প্রতিষ্ঠিত। আইসিজের সিদ্ধান্ত চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক। ফলে মিয়ানমার রায় অগ্রাহ্য করলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি দেশটির কূটনৈতিক অবস্থানকে আরও সংকটে ফেলতে পারে।
গণহত্যা সনদ অনুযায়ী, গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো রাষ্ট্রের দায়িত্ব। আইসিজের রায় মিয়ানমারের ওপর এসব দায়িত্ব পালনের চাপ বাড়াবে। বিশেষ করে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার এবং শাস্তির প্রশ্নে দেশটির ওপর আন্তর্জাতিক নজরদারি জোরালো হতে পারে।
তবে আইসিজে কোনো ব্যক্তি বা সামরিক কর্মকর্তাকে ফৌজদারি অপরাধে দণ্ডিত করে না। আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক দায় নির্ধারণ করে। ফলে সাবেক বা বর্তমান সামরিক কর্মকর্তা, কমান্ডার কিংবা রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত অপরাধের বিচার এই রায়ের মাধ্যমে সম্পন্ন হবে না। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত ও বিচার করতে হবে উপযুক্ত আন্তর্জাতিক বা জাতীয় বিচারিক ব্যবস্থায়।
রায় অমান্য করলে গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে পারে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো পক্ষ আইসিজের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অপর পক্ষ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। পরিষদ প্রয়োজনীয় সুপারিশ বা ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করতে পারে। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এর আগে মিয়ানমার ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থানও আন্তর্জাতিক পদক্ষেপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ ছাড়া রায়ের পর মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক সহযোগিতা সীমিত করা কিংবা বিভিন্ন দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার দাবি জোরালো হতে পারে। তবে আইসিজের রায় নিজে থেকে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে না। এ ধরনের পদক্ষেপ নির্ভর করবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও পৃথক রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
রোহিঙ্গারা কী পেতে পারেন
গাম্বিয়ার মামলার অন্যতম লক্ষ্য ছিল রোহিঙ্গাদের ক্ষতিপূরণ, ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর ও সম্পত্তির প্রতিকার, নিরাপদে নিজ দেশে ফেরার অধিকার এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা। আইসিজের রায় এসব দাবির পক্ষে শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করেছে।
ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও প্রত্যেক ব্যক্তি বা পরিবারের জন্য কী পরিমাণ অর্থ বা কী ধরনের সুবিধা নিশ্চিত হবে, তা আলাদা প্রক্রিয়ায় নির্ধারণের বিষয়। বাড়িঘর ও সম্পত্তি হারানো পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নও এর সঙ্গে জড়িত।
রোহিঙ্গাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসন। মিয়ানমার ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের স্বীকৃত জাতিগোষ্ঠীর তালিকার বাইরে রাখে। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করলেও অধিকাংশ রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের অনেককে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে আসছে মিয়ানমার। এর ফলে রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়েছেন।
গাম্বিয়া আদালতের কাছে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেছে। পূর্ণ নাগরিক অধিকার, চলাচলের স্বাধীনতা, শিক্ষা, চিকিৎসা, কাজের সুযোগ এবং নিরাপত্তা ছাড়া প্রত্যাবাসন টেকসই হবে না—এমন অবস্থানও রোহিঙ্গাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে।
তবে রায় থেকে স্বয়ংক্রিয়ভাবে সব রোহিঙ্গার নাগরিকত্ব পুনর্বহাল হয়ে যাবে, এমন নয়। নাগরিকত্ব আইন ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে মিয়ানমারকে। একইভাবে প্রত্যাবাসনের জন্য নিরাপদ পরিবেশ, বসতভিটায় ফেরার নিশ্চয়তা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়িত না হলে শুধু আইনি স্বীকৃতি রোহিঙ্গাদের দীর্ঘদিনের রাষ্ট্রহীনতা ও বাস্তুচ্যুতির সংকট দূর করতে পারবে না।
কেন এখনই দেশে ফিরতে পারছেন না রোহিঙ্গারা
২০১৭ সালের সামরিক অভিযানের পর সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগে থেকে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে তাঁদের যুক্ত হওয়ায় কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে পৌঁছেছে। জাতিসংঘের হিসাবে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি।
রোহিঙ্গা সংকটের বিচারিক প্রক্রিয়া চলার সময়ও রাখাইনের পরিস্থিতির উন্নতি হয়নি। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের নভেম্বর থেকে রাখাইন রাজ্যে সামরিক জান্তা ও আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে রোহিঙ্গারা আবারও বাস্তুচ্যুত হয়েছেন। আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গাদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগ উঠেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাখাইনে চলমান সংঘাতের কারণে বর্তমানে রোহিঙ্গাদের নিরাপদে ফেরার পরিবেশ নেই বলে মনে করছে মানবিক সহায়তাকারী সংস্থাগুলো। ২০১৮ ও ২০১৯ সালে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে যাননি। কারণ, তাঁরা নিরাপত্তা, নাগরিকত্ব, মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত না করে দেশে ফিরতে রাজি নন।
বাংলাদেশের জন্যও এই রায়ের গুরুত্ব রয়েছে। রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী আশ্রয়, মানবিক সহায়তা, নিরাপত্তা ও পরিবেশগত চাপ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। আন্তর্জাতিক আদালতের রায় মিয়ানমারের ওপর প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির চাপ বাড়ানোর ক্ষেত্রে কূটনৈতিক হাতিয়ার হতে পারে। তবে প্রত্যাবাসন কার্যকর করতে বাংলাদেশ, মিয়ানমার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অন্য গণহত্যা মামলায় কী প্রভাব পড়তে পারে
মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায় আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ প্রয়োগেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য কীভাবে প্রমাণ করা হবে, সশস্ত্র সংঘাতের মধ্যে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত অভিযানকে কীভাবে মূল্যায়ন করা হবে এবং রাষ্ট্রের দায় নির্ধারণে কোন ধরনের প্রমাণ গ্রহণযোগ্য—এসব বিষয়ে রায়টি নজির হিসেবে বিবেচিত হতে পারে।
আইন বিশেষজ্ঞদের মতে, গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলাসহ আইসিজেতে বিচারাধীন অন্য মামলাগুলোতেও এই রায়ের প্রভাব থাকতে পারে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইসরায়েল অভিযোগ অস্বীকার করছে। তবে মিয়ানমারের মামলার সিদ্ধান্ত অন্য কোনো মামলার ফল স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে না। প্রতিটি মামলায় সংশ্লিষ্ট ঘটনা, প্রমাণ ও আইনি যুক্তি আলাদাভাবে বিচার করতে হবে।
আইসিজেতে মামলাটি দায়েরের পর ২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সম্ভাব্য গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২০২২ সালে আদালত গাম্বিয়ার মামলা করার অধিকার ও মামলার গ্রহণযোগ্যতা নিশ্চিত করেন। ২০২৬ সালের জানুয়ারিতে মূল বিষয়ের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।
সাত বছরের বিচারিক প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি এবং মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা। কিন্তু রায়ের প্রকৃত সাফল্য নির্ভর করবে মিয়ানমার কতটা তা বাস্তবায়ন করে, আন্তর্জাতিক সম্প্রদায় কতটা চাপ বজায় রাখে এবং রোহিঙ্গারা কবে নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরতে পারেন তার ওপর।