যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সাথে জাতীয় দলের সাবেক এ ফুটবলারের সঙ্গে কাজ করার প্রত্যাশাও জানিয়েছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করেছিলেন আমিনুল। তবে ভোটে জিততে পারেননি জাতীয় দলের সাবেক এ ফুটবলার। এমপি হতে না পারলেও তাকে টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রী বানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আমিনুল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় বুলবুল বলেন, ‘আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা থাকায় তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সরাসরি বোঝেন। আমি আত্মবিশ্বাসী, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন পর্যায়ের ক্রীড়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’
আমিনুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে বিসিবি। তারা বলেছে, ‘বিসিবি নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে সব স্তরে খেলাধুলার উন্নয়ন ও প্রসার ঘটানো যায়।’
সূত্র : ডেইলি ক্রিকেট