ফাইনালে মাঠে নামার আগেই অনন্য উচ্চতায় মেসি
ফাইনালের মঞ্চে বল গড়ানোর আগেই ইতিহাস গড়ে ফেলেছেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা করে নেওয়ার মাধ্যমে তিনি স্থাপন করেছেন এক অনন্য মাইলফলক। প্রথম ফুটবলার হিসেবে টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে থাকার গৌরব অর্জন করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
এর আগে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে এবং ২০২২ সালের রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মেসি। আজকের ফাইনাল নিয়ে তিনি মোট তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে খেলার বিরল কৃতিত্ব অর্জন করলেন।ব্রাজিলের কিংবদন্তি রাইটব্যাক কাফু এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তি গড়েছিলেন (১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২)। তবে ১৯৯৪ সালের সেই ফাইনালে তিনি শুরুর একাদশে ছিলেন না, মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে।
তিন ফাইনালে দুইবার শিরোপা জেতেন কাফু, আরেকবার রানার্সআপ। ২০০২ সালে ট্রফি জয়ের আসরে অধিনায়ক ছিলেন তিনি। মেসি তিন আসরেই আর্জেন্টিনার আর্মব্যান্ড পড়েছেন। তিনিও কি পারবেন দ্বিতীয় শিরোপা জিততে?

১৪
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলেরই জয় সমান ছয়টি করে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপ কিংবা প্রতিযোগিতামূলক ফুটবলে একবারই দেখা হয়েছে দল দুটির। ১৯৬৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটি ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা
১২
দল দুটির সবশেষ দুই ম্যাচে গোল হয়েছে মোট ১২টি। ২০১০ সালে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ৪-১ গোলে। ২০১৮ সালের প্রীতি ম্যাচে ৬-১ গোলে জেতে স্পেন। হ্যাটট্রিক করেন ইস্কো। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি লিওনেল মেসি।
১
আর্জেন্টিনা কোপা আমেরিকারও বর্তমান চ্যাম্পিয়ন। অন্যদিকে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী স্পেন। এই দুটি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার ঘটনা এটিই প্রথম।
এই ফাইনালের ঐতিহাসিক তাৎপর্য আছে আরও একটি। ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম (আর্জেন্টিনা) ও দ্বিতীয় (স্পেন) স্থানে থাকা দুটি দলের বিশ্বকাপের যেকোনো রাউন্ডে মুখোমুখি হওয়ার ঘটনাও এটিই প্রথম।
২
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে (২০১৪, ২০২২ ও ২০২৬) খেলার কীর্তি গড়ার দুয়ারে মেসি। ব্রাজিলের কাফুর (১৯৯৪, ১৯৯৮, ২০০২) পাশে বসবেন তিনি। এছাড়া ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ও হবেন মেসি (৩৯ বছর ২৫ দিন)।