ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম আনঅফিসিয়াল টেস্টে খেলতে পারেননি তাওহিদ হৃদয় ও জাকের আলি। দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ে ঢাল হয়েছে এই দুজনেরই ব্যাট। এর আগে বল হাতেও প্রথম দিনের হতাশা পেছনে ফেলে নিজেদের মেলে ধরেছেন নাঈম হাসান, হাসানম মুরাদরা। সব মিলিয়ে হতাশার দক্ষিণ আফ্রিকা সফরে একটি ভালো দিন কেটেছে বাংলাদেশ ‘এ’ দলের।
প্রথম দিনে দারুণ শক্ত অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল দ্বিতীয় দিনে অলআউট হয় ৫১২ রানে। শেষ ৬ উইকেট হারায় তারা ১০১ রানে। চারটি উইকেট নেন অফ স্পিনার নাঈম হাসান, বাঁহাতি স্পিনার হাসান মুরাদ তিনটি। বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ২০১ রানে। ৭৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন হৃদয়, ৪৭ রানে জাকের।
পচেফস্ট্রুমে ৪ উইকেটে ৩৭২ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১১১ রানে অপরাজিত থাকা সিনেথেম্বা কেশিলে আউট হয়ে যান আর ১৭ রান যোগ করেই। কিপার-ব্যাটারকে বোল্ড করে দেন রেজাউর রহমান রাজা। এরপর ডেলানো পটগিটারকে দ্রুতই বোল্ড করে দেন নাঈম। তবে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান গ্যাভিন ক্যাপলান ও কাইল সিমন্ডস এগিয়ে নেন দলকে। মাত্র ২৩ ম্যাাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে অষ্টম শতরানের কাছে গিয়ে ক্যাপলান ৯৭ রানে বোল্ড হয়ে যান মুরাদের বলে। আটে নেমে ৮ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন সিমন্ডস। তার ব্যাটেই ৫০০ ছাড়িয়ে যায় প্রোটিয়ারা।
প্রতিপক্ষের বড় স্কোরের পর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা যথারীতি ভালো হয়নি। ২৩ টেস্ট খেলা ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হয়ে যান ৯ রানেই। আগের ম্যাচে তিনি করেছিলেন ১৯ ও ১। তিনে নেমে পারভেজ হোসেন ইমনও সুবিধে করতে পারেননি ( ৫)। তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নাঈম শেখ ও তাওহিদ হৃদয়। তবে সেই জুটি খুব লম্বা হয়নি। ৩৯ রানের জুটির পর নাঈম শেখ ফেরেন ৩৪ রানে। এরপর হৃদয় ও আফিফ হোসেন আরেকটি জুটি গরড় তোলেন। তবে আফিফের ব্যর্থতায় এই জুটিও খুব সমৃদ্ধ হয়নি। আগের ম্যাচে ৮ ও ৬ রানে আউট হওয়া ব্যাটার এবার ফেরেন ২৯ রানে।
বাংলাদেশ তখন বেশ বিপদে। তবে হৃদয় ও জাকেরের জুটিকে দিনের শেষটা বেশ ভালোভাবেই করেন বাংলাদেশ ‘এ’ দল। দিনশেষে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৬৬। জুনে টেস্ট অভিষিক্ত হৃদয় ১১ চার ও ১ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থেকে যান। জাকেরের অপরাজিত ৪৭ রানে চার ৫টি, ছক্কা ৩টি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ১ম ইনিংস: ১১৫.১ ওভারে ৫১২ (কেশিলে ১২৮, ক্যাপলান ৯৭, পটগিটার ৪, সিমন্ডস ৬৬, বোস্ট ১৯, এনটুলি ৭, মোরেকি ০*; সাইফ উদ্দিন ১২-১-৭১-০, মুশফিক ১৬-১-৭৫-১, রেজাউর ১৮-০-৭৯-২, মুরাদ ৩৭.২-২-১৪২-২, নাঈম হাসান ৩০-১-১৩২-৪, আফিফ ২-০-১১-০)
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৫৭ ওভারে ২০১/৪ (জয় ৯, নাঈম শেখ ৩৪, ইমন ৫, হৃদয় ৭৫*, আফিফ ২৯, জাকের ৪৭*; মোরেকি ৯-৪-২৪-১, বোস্ট ১০-১-৩৪-১, সিমন্ডস ১৬-৩-৭৯-২, পটগিটার ৩-২-৩-০, এনটুলি ১৯-৪-৬১-০)।