গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেয়েছে সুইডেন। ভাইরাসে আক্রান্ত হয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের পাঁচ ফুটবলার। অসুস্থতার কারণে তারা দলের সঙ্গে বসনিয়া সফরেও যাননি।
অসুস্থ পাঁচ খেলোয়াড় হলেন—ইয়াসিন আয়ারি, গুস্তাফ লাগেরবিয়েলকে, বেনইয়ামিন নুখ্রেইন, পাত্রিক ওয়েলমার্ক ও এলিয়ট স্ট্রাউড।
সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে দলের চিকিৎসক ইয়োনাস ভেইনার জানান, সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতেই অসুস্থ খেলোয়াড়দের দলের সঙ্গে সফরে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাঁচ ফুটবলারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ফেলিক্স বেইমো, সামুয়েল দাল, উগো বুলিন ও কেন সেমাকে। তবে পাঁচজনের জায়গায় চারজনকে দলে নেওয়া হয়েছে।
এর আগে রোমানিয়ার বিপক্ষে ম্যাচে উরুর চোটে পড়েন সুইডেনের তারকা স্ট্রাইকার আলেকসান্দের ইসাক। ওই ম্যাচের পরই দল থেকে ছিটকে যান তিনি।
গ্রুপ বি৪-এ দারুণ ছন্দে রয়েছে সুইডেন। প্রথম দুই ম্যাচে রোমানিয়াকে ২-১ এবং পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসনিয়া ও হার্জেগোভিনা।
আগামীকাল বসনিয়া ও হার্জেগোভিনার মাঠে মুখোমুখি হবে দুই দল। শীর্ষস্থান ধরে রাখতে সুইডেনের জন্য যেমন ম্যাচটি গুরুত্বপূর্ণ, তেমনি ঘরের মাঠে জয় তুলে নিয়ে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য থাকবে বসনিয়ার।