ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করে নজর কেড়েছেন কালাম সিদ্দিকী অলিন। বল হাতে চার উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার মো. হোসাইন। দুই দলের লড়াই শেষ হয়েছে ড্রয়ে। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩৬ রান।
বিসিবি একাদশের বড় সংগ্রহের নায়ক কালাম। জাতীয় ক্রিকেট লিগে আগের দুই ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি তিনি। এবার আর সেই আক্ষেপ থাকেনি। ১৮৪ বলে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। কালামের সঙ্গে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জিশান আলমও। ১০০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করেন এই ওপেনার। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৫৯ রান। অধিনায়ক জাকের আলী অনিক করেন ৩০। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারী ৩০ বলে অপরাজিত ৩৫ রান যোগ করেন। তাঁদের নৈপুণ্যে বড় সংগ্রহ পায় বিসিবি একাদশ।
জবাবে ব্যাট করতে নেমে ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেলের ব্যাটে ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। কিং করেন ৪০ রান। ক্যাম্পবেল ৭৮ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ৬৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তেজনারায়ণ চন্দরপল যোগ করেন ৩১ রান। এরপর কেভিন উইকহ্যাম ও রোস্টন চেজের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। উইকহ্যাম ১০৭ বলে ৬৭ এবং চেজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। তাঁদের ব্যাটিংয়ে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান তুলে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ড্র হয় দুই দিনের প্রস্তুতি ম্যাচটি।
বিসিবি একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার মো. হোসাইন। ১২.২ ওভার বল করে ৫৫ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। অনিক দেববর্মা পান একটি উইকেট।