সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় বিরোধীদের রোডমার্চ ও লংমার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সরকার ফটোসেশনের রাজনীতি করে না, বাস্তবে কাজ করতে চায়। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজসংলগ্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার মাত্র ছয় মাস আগে কাজ শুরু করেছে। এরই মধ্যে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এত বড় কর্মসূচির সব কাজ ছয় মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়।
বিরোধী দলের কর্মসূচির প্রসঙ্গ টেনে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘ছয় মাসের মাথায় আজকে উনারা কী রোডমার্চ আর লংমার্চ করবেন? ২০ হাজার কিলোমিটার খাল কি খনন হয়ে গেছে? বলার সুযোগ আছে?’ তিনি বলেন, সরকার কোনো কিছু শুধু ঘোষণা দিয়ে থেমে থাকতে চায় না। ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ্যানি বলেন, ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটোশপ করি না। আমরা বাস্তবে কাজ করতে চাই।’
পানিসম্পদ মন্ত্রণালয়ের নেওয়া ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, এর সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে। এই কর্মসূচি বাস্তবায়নে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
খাল খননের কর্মসূচিকে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা স্বপ্নের মধ্যে থাকতে চাই না। এই স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে চাই, বাস্তবায়ন করতে চাই।’
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনার কথা উল্লেখ করে এ্যানি বলেন, তাঁর দূরদর্শী চিন্তা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান নতুন স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার গত ছয় মাস ধরে কাজ শুরু করেছে।
৩০ দিনের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার খাল পরিষ্কার
লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে এক থেকে দুই দিন করে কাজ করা হলে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরো কার্যক্রম শেষ করা সম্ভব। স্থানীয়ভাবে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিউদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সালমান হায়দার রাশেদ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামানও উপস্থিত ছিলেন।