পার্বত্য অঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ৪৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় জোনের জেডএসও মেজর মো. ইমরুল কায়েস, পিএসসিও উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর লংগদু জোনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় কম্পিউটার, মোবাইল মেরামত, মেকানিক্যাল ও মেরামত এবং প্রাথমিক চিকিৎসা এই চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।