দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে দলের নারী কর্মীরা নির্যাতন ও হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এ বিষয়ে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে একটি স্মারকলিপি দিয়েছে দলটির প্রতিনিধি দল।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীলা চারজনসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে নারী কর্মীরা ভোটের প্রচারে বিভিন্ন পাড়া-মহল্লায় গেলে একদল ব্যক্তি তাদের ওপর নির্যাতন চালাচ্ছে।
তিনি বলেন, ‘নারী কর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিং করা হচ্ছে, শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, হিজাব ও নেকাব খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের জরুরি পদক্ষেপ চেয়েছি।’
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য ও রাজনীতিবিষয়ক দায়িত্বশীলা হাবিবা আক্তার চৌধুরী জানান, কমিশনে জমা দেওয়া তালিকায় অন্তত ১৫টি স্থানের ঘটনার ছবি ও ভিডিও সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘এর বাইরেও আরও ঘটনা রয়েছে। নির্বাচন কমিশন আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছে।’
এর আগে একই দিন দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে বিভিন্ন এলাকায় তথাকথিত ‘শান্তি কমিটি’ গঠনের অভিযোগ তোলে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং কোনো সুস্থ বিবেচনা থেকে আসতে পারে না।