ন্যায়ভিত্তিক দেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি ছবি:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি ছবি:

“আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়—সাম্য; ঈদ উল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি।’”

ঈদ উল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি ‘ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ’ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ঈদের দিন এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এদিন বঙ্গভবনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা।

রাষ্ট্রপতি বলেন, “আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়—সাম্য; ঈদ উল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি।’”

ভিডিও বার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি ‘সুদৃঢ়’ করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান।”

রাষ্ট্রপতি তার বার্তায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এবং তাদের ন্যায্য হক আদায়ের জন্য সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি এসময় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেন। কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

সাড়ে বেলা ১১টায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইজিপিসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন সকাল সাড়ে ৭টায় রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়েন এবং মোনাজাতে শরিক হন।

পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এলাকার খবর

সম্পর্কিত