হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানবাহিনীর আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিমানবাহিনীর সদস্যরা তৃতীয় টার্মিনাল এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টা ২০ মিনিটের দিকে তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যদের উদ্ধার করে সিএমএইচে নেওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত তিন সদস্যের মরদেহও পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রমের জন্য সিএমএইচে রাখা হয়েছে।
তবে পিকআপ ভ্যানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। থার্ড টার্মিনাল এলাকায় রাতে দায়িত্ব পালনরত বিমানবাহিনীর সদস্যদের বহনকারী যানবাহনটি কীভাবে ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেল, দুর্ঘটনার পর সেই বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে।