বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌঁছার পর এ হাতাহাতির ঘটনা ঘটে।
স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ানের নেতৃত্বে একটি গ্রুপ মহানগর বিএনপির সদস্য ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহীন আহম্মেদকে মারধর করতে দেখা গেছে।
তবে ঠিক কী কারণে এ হাতাহাতির ঘটনা ঘটে তার স্পষ্ট কারণ জানা যায়নি। হাতাহাতির একপর্যায়ে সামনে উপস্থিত থাকা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শাহীন আহম্মেদকে ছাড়িয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে এ ব্যাপারে শাহীন আহম্মেদ জানান, মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে আসতে ধাক্কা নিয়ন্ত্রণ করতে একটু হট্টগোল হয়েছে। এছাড়া তেমন বড় কিছু ঘটেনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদকে কিলঘুসি মারাসহ তার পরনের গেঞ্জি টানতেও দেখা গেছে। এ সময় সামনে থাকা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দ্রুত শাহীন আহম্মেদকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে ঘোড়ারগাড়ি, বাধ্যযন্ত্র, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের পোস্টার ব্যানার, প্ল্যাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা নিতে মহানগর বিএনপি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিপূর্ব আলোচনা সভায় মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন খানসহ নেতারা।