চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭)। মঙ্গলবার বিকেলে হাটহাজারীর সরকারহাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ জানায়, হাটহাজারীতে অস্ত্র তৈরি ও সরবরাহকারী একটি চক্রের তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তাদের গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে।
অভিযানে জামাল ও কবিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮টি গুলি এবং পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ও কবির হাটহাজারীর সরকারহাট বাজারে ‘ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপে’ অস্ত্র তৈরির তথ্য দেন। ওই ওয়ার্কশপে তৈরি করা অস্ত্র বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারের ওই ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত পাওয়ার কথা জানিয়ে সেগুলো জব্দ করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, এ অভিযানের মধ্য দিয়ে হাটহাজারীতে অবৈধ অস্ত্র তৈরির একটি উৎসের সন্ধান পাওয়ার পাশাপাশি অস্ত্র তৈরি ও সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় পলাতক ওসমানসহ অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, হাটহাজারীসহ চট্টগ্রামে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।