স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে। আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কমিশনের পর্যালোচনা বৈঠক হবে।
তিনি বলেন, সহিংসতামুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা হবে। নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
এর আগে জামায়াতে ইসলামী এমপিওভুক্ত শিক্ষকদের ইউপি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করছে বলে জানা গেছে।
শু/আজা