কপ৩১ সম্মেলনের ফাঁকে ১২ নভেম্বর আন্তালিয়ায় বৈঠকের প্রস্তুতি; সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন দুই নেতা। আগামী ১২ নভেম্বর তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) চলাকালে তাঁদের বৈঠকের প্রস্তুতি চলছে। এতে দুই দেশের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন ১২ নভেম্বর সম্মেলনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ওই দিনই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৈঠকের সম্ভাবনার কথা জানালেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই নেতার বৈঠকের জন্য ১২ নভেম্বর দিন নির্ধারণ করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, কপ৩১-এ অংশ নিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠক হলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ড্রোন কারখানা স্থাপন নিয়ে আলোচনা হবে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, এসব বিষয় সামরিক সহযোগিতার অংশ। তবে বগুড়ায় ড্রোন কারখানা কিংবা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল নিয়ে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিষয়গুলো পরবর্তী সময়ে নির্ধারিত হবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুরস্কের কোম্পানি চেলেবির সহযোগিতার বিষয়টি আলোচনায় আসবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এটি কোনো একক দ্বিপক্ষীয় সফর নয়; আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে একটি সাইডলাইন বৈঠক। তাই বড় কোনো বাণিজ্যিক চুক্তির চেয়ে সামগ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার সম্ভাবনা বেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ১২ নভেম্বর বিকেলে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের ব্যস্ত কর্মসূচি থাকায় সময় চূড়ান্ত হওয়ার অপেক্ষা রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে তা সীমিত সময়ের হতে পারে। ফলে বিস্তারিত দ্বিপক্ষীয় আলোচনা না হলেও দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে।
কপ৩১-এ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক
তুরস্ক সফরে শুধু এরদোয়ানের সঙ্গেই নয়, আরও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রসচিব জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক নিশ্চিত হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হবে।
জলবায়ু সম্মেলনকে ঘিরে এসব বৈঠক বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করছে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারত্বের মতো বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করতে পারে ঢাকা।
সম্পর্কের নতুন সমীকরণ
২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর সেই সম্পর্ক আরও এগিয়েছে। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও বৈঠক বেড়েছে। প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির সমন্বয় জোরদার করতে প্রতিবছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর অংশগ্রহণে ‘২+২ বৈঠক’ আয়োজনেও সম্মত হয়েছে ঢাকা ও আঙ্কারা। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে করার সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিএনপি সরকার গঠনের পর মার্চে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তুরস্কের সমর্থনও পেয়েছেন তিনি। দ্বিপক্ষীয় আলোচনা ও আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়ের লক্ষ্যে প্রায় সাত মাসের ব্যবধানে তিনবার তুরস্ক সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
এরপর জুনের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেন। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় তারেক রহমান বলেছিলেন, হাকান ফিদানের ঢাকা সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পথে প্রথম পদক্ষেপ।
সর্বশেষ গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় জানান তাঁরা। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়েও একমত হন দুই নেতা।
সেপ্টেম্বরের বৈঠকের পর এবার আন্তালিয়ায় সম্ভাব্য দ্বিতীয় বৈঠককে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, ড্রোন প্রযুক্তি, অর্থনৈতিক অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। তবে এসব বিষয়ে কোনো চুক্তি বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।