পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক উপপুলিশ সুপারসহ (ডিএসপি) অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার গাম্বাত এলাকায় একটি অবৈধ খনিতে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের দলটির ওপর এ হামলা হয়।কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ খনিতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের একটি দল সেখানে যাচ্ছিল। পথে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ১০ পুলিশ সদস্য প্রাণ হারান। হামলায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।নিহতদের মধ্যে ডিএসপি হাইদার জামান এবং মুখতিয়ার নামের একজন উপপরিদর্শক (এসআই) রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দীর্ঘ সময় ধরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।গোলাগুলির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আরও নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হচ্ছে। হতাহতের সংখ্যা বেশি হওয়ায় কোহাটের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।তবে এ ঘটনায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব।উল্লেখ্য, পাকিস্তানের পার্বত্য অঞ্চল খাইবার পাখতুনখাওয়ায় বিভিন্ন সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠী অবৈধ খনিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে।সূত্র: এক্সপ্রেস ট্রিবিউনএআরবি