তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

বিএনপির সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য; নতুন পাসপোর্ট নিয়ে ফেরার সুযোগ নেই বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দিল্লিতে আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে অনুমতিপত্র নেই

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। বিএনপির সংসদীয় দলের সভায় তাঁর দেশে ফেরার প্রসঙ্গ উঠলে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো ই-মেইলের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য, আইনি প্রক্রিয়া ছাড়া নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের বরাত দিয়ে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি। তবে রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার কথা বলেন তিনি। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৭ নভেম্বর রাজপথে নেমেছি। রাজপথে আমরা থাকব। রাজপথে থেকেই সব ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের করতে হবে।’

সভা সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দলের সংসদ সদস্যদের কী বক্তব্য দেওয়া উচিত, সে বিষয়ে তাঁদের ধারণা দেওয়া হয়েছে। একজন দায়িত্বশীল মন্ত্রী তাঁদের বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত আনার বিষয়টি সামনে রাখতে হবে।

দিল্লির হাইকমিশনে ই-মেইল

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো একটি ই-মেইল সোমবার দিনের শুরুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন পেয়েছে। প্রতিষ্ঠানটির আইনজীবীরা ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীদের আবেদন করার অনুমোদন বা ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি ছিল না। ফলে আবেদনটি সরাসরি শেখ হাসিনার নির্দেশে করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ হাইকমিশন। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা জানতে মিশন থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো আবেদনটি যে শেখ হাসিনার নিজের আবেদন, তা বোঝার উপায় নেই। কারণ, ই-মেইলের সঙ্গে তাঁর অনুমোদনের কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি। তাঁর ভাষায়, কোনো ব্যক্তির পক্ষে আইনজীবী প্রতিষ্ঠান আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন বা অথরাইজেশন থাকা প্রয়োজন।

আবেদনটির আইনি ভিত্তি নিয়েও কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাজ্যের ওই আইনি পরামর্শক প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তি আইনগত, নৈতিক ও পেশাগত—তিন দিক থেকেই দুর্বল। একজন আইনজীবী প্রতিষ্ঠানের জানা উচিত, তাদের মক্কেল কে এবং তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলেও মন্তব্য করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হওয়ার আইনি পথও রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পরীক্ষা করবে।

দেশে ফেরার ইচ্ছা ও প্রত্যর্পণ প্রসঙ্গ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে দেশে ফেরার বিষয়ে কোনো পরিকল্পনা বা সময়সীমার উল্লেখ নেই।

২০২৪ সালের ৫ আগস্টের পর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত এটিই প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আবেদনটি তাঁর সরাসরি অনুমোদনে করা হয়েছে কি না, সে বিষয়ে হাইকমিশনের কাছে প্রমাণ নেই।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানোর কথা গত ২৭ আগস্ট জাতীয় সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার তথ্যও দিয়েছিলেন তিনি। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করে। তবে ওই আবেদন থেকে রেড নোটিশ জারি হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।

হত্যার ৪৫৭ মামলাসহ মোট ৬৭৩ মামলা

পাসপোর্ট ও এনআইডির আবেদন ঘিরে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোও নতুন করে আলোচনায় এসেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা বিচারাধীন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্রের ভাষ্য, আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁর আর আপিল করার সুযোগ নেই।

মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ রয়েছে রায়ে। ওই আদেশ বাস্তবায়নে দুই দণ্ডিত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানিয়ে ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

বিচারাধীন আরও ছয় মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও ছয়টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এবং চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জন আসামি। তাঁদের মধ্যে বর্তমান ও সাবেক ১২ জন সেনা কর্মকর্তা রয়েছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনায় করা মামলায় আসামি ১৩ জন। শেখ হাসিনা ছাড়া অন্য ১২ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। এ দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জন আসামি। ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১১ জন আসামি। এ দুটি মামলা অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে নয় তরুণকে হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ আটজন এবং গাজীপুরের পাতারটেকে সাতজনকে হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ১০ জন আসামি। এ দুটি মামলাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

সংসদীয় সভায় বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ ছাড়াও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভা সূত্র জানায়, আসন্ন পবিত্র রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্যমন্ত্রীকে আগাম সতর্ক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে বাণিজ্যমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল থাকবে এবং পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন।

এ ছাড়া স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীর কাছে তাঁদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।

শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদনসংক্রান্ত ই-মেইল আসার পর বিষয়টি এখন কূটনৈতিক ও আইনি পর্যায়ে আলোচনায় রয়েছে। তবে আবেদনটি তাঁর অনুমোদনে করা হয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, সরকার তাঁর দেশে ফেরার বিষয়টিকে সাধারণ পাসপোর্ট ইস্যুর প্রশ্ন হিসেবে না দেখে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেখছে।

১

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

২

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

৩

ক্যান্সার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ বিএমইউ উপাচার্যের

৪

আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

৫

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

৬

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

৭

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে

৮

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

৯

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০

সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

১১

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

১২

উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি

১৩

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

১৪

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

১৫

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }