সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত বিপুল পরিমাণ কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে দেশটিতে প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সারা রেগো। মঙ্গলবার তিনি দেশটির তথ্য সুরক্ষা সংস্থার কাছে এ আবেদন জানান। খবর আনাদোলুর।টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের রেগো বলেন, প্ল্যাটফর্মটি সাময়িক বন্ধের আবেদন একটি ব্যতিক্রমী পদক্ষেপ। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটিকে স্বেচ্ছায় স্পেনে তাদের সেবা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টিকটক বন্ধ করার ক্ষমতা সরকারের হাতে নেই। সেই ক্ষমতা থাকলে প্ল্যাটফর্মটি গতকালই বন্ধ করে দেওয়া হতো।রেগো জানান, টিকটক কর্তৃপক্ষ পরিস্থিতি ‘পর্যালোচনা ও মূল্যায়নের’ প্রতিশ্রুতি দিয়েছে। তবে সমস্যা সমাধানে কোনো প্রযুক্তিগত পদক্ষেপ, নিরীক্ষা কিংবা নতুন যাচাইব্যবস্থা চালুর বিষয়ে তারা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি।স্পেনের অলাভজনক অনুসন্ধানী সংবাদমাধ্যম মালদিতা ডটইএসের তদন্তের ফলাফলকে ‘অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন রেগো। তাঁর মতে, টিকটকের কাঠামোগত সমস্যার কারণে শিশুদের ওপর যৌন সহিংসতাসংক্রান্ত কনটেন্ট সহজেই ছড়িয়ে পড়ছে এবং এমন কনটেন্ট প্রচারকারী নেটওয়ার্কগুলো উৎসাহিত হচ্ছে।রেগো বলেন, মালদিতা ডটইএসের তদন্ত দলের সঙ্গে বৈঠকের সময় তিনি নিজেও টিকটকের সার্চ বারে কয়েকটি শব্দ লিখে শিশুদের ওপর যৌন সহিংসতা চিত্রিত কনটেন্টে দ্রুত প্রবেশের সুযোগ পেয়েছেন।ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষাবিধি অনুযায়ী, নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করলে স্পেনের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা সর্বোচ্চ তিন মাসের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দিতে পারে।গত সোমবার প্রকাশিত মালদিতা ডটইএসের ৩৫ দিনের অনুসন্ধানী প্রতিবেদনের পর এই দাবি উঠেছে। প্রতিবেদনে বলা হয়, তদন্তে টিকটকের ১ হাজার ১৮২টি উন্মুক্ত পোস্ট শনাক্ত করা হয়েছে, যেখানে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান ছিল। এসব পোস্ট ৪ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছে। এ ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ২০০টির বেশি অ্যাকাউন্টও শনাক্ত করেছে সংবাদমাধ্যমটি।