ট্রাভেল পাস অথবা প্রত্যর্পণ চুক্তি—দুই পথের কথা বলছেন আইনজীবীরা

পাসপোর্ট পাবেন না শেখ হাসিনা, দেশে ফেরার পথ কী

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

পাসপোর্ট নেই, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে নতুন করে সামনে এসেছে তাঁর দেশে ফেরার প্রশ্ন। ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দেওয়া শেখ হাসিনা কীভাবে ফিরবেন—ট্রাভেল পাস নিয়ে, নাকি ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায়?

আইনজীবীদের মতে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। তবে দেশে ফিরতে চাইলে তাঁর সামনে ট্রাভেল পাস নেওয়া অথবা ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরার পথ খোলা থাকতে পারে। যে পথেই তিনি আসুন না কেন, দেশে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।

বাংলাদেশের পাসপোর্ট আইন ও দণ্ডবিধির বিধান বিশ্লেষণ করে আইনজীবীরা বলছেন, পাসপোর্টবিহীন কোনো ব্যক্তির বিদেশ থেকে দেশে ফেরার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন থেকে ট্রাভেল পাস নেওয়ার সুযোগ রয়েছে। ট্রাভেল পাস নিয়ে নিয়ম মেনে দেশে ফিরতে পারেন ওই ব্যক্তি। সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই প্রক্রিয়ায় দেশে ফিরেছেন।

অন্যদিকে, পাসপোর্টবিহীন ব্যক্তি অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত হলে তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত চাইলে এ ব্যবস্থা নিতে পারে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তাঁকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি শুধু আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে না। দুই দেশের সরকারের সিদ্ধান্ত ও রাজনৈতিক বোঝাপড়াও এখানে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত হওয়ায় এই অবস্থায় তাঁর পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। পাসপোর্টের জন্য আবেদন করতে হলে তাঁকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো হতে পারে, অথবা তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে পারেন। তবে যে পথেই আসুন, দেশে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার হতে হবে। কারণ, তাঁর বিরুদ্ধে দণ্ডাদেশ রয়েছে। আহসানুল করিমের ভাষ্য, দণ্ডপ্রাপ্ত অবস্থায় আইনের যেসব প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে, সেগুলো পেতে হলে শেখ হাসিনাকে আপিল করতে হবে এবং জামিন পেতে হবে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পলাতক থাকায় আইনের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা রয়েছে।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়া শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তাঁর ফেরা এখনো মূলত দুই দেশের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারত ও বাংলাদেশের সরকার তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটিই আগে নির্ধারিত হবে। সাইফুল হকের মতে, শেখ হাসিনা এখন আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত। ফলে ১৯৮১ সালের পরিস্থিতির সঙ্গে বর্তমান বাস্তবতার মৌলিক পার্থক্য রয়েছে।

চব্বিশের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ঢাকা বারবার তাঁকে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। এ বিষয়ে ভারত এখনো তাঁকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানায়নি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, প্রত্যর্পণের বিষয়টি আইনগতভাবে সুরাহা করতে হবে।

ভারত-বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি হয়। এই চুক্তির আওতায় ২০১৫ সালের ১২ নভেম্বর নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগের দিন আসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছিল বাংলাদেশ।

আলোচনায় পাসপোর্ট ও এনআইডি

২০২৪ সালের ৫ আগস্ট গণভবনমুখী জনতার ঢলের মধ্যে সামরিক বিমানে দিল্লির উদ্দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কূটনৈতিক পাসপোর্ট ছিল। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দপ্তর জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে গুম এবং জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পরের মাসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন শেখ হাসিনা পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অকার্যকর করে দেয়।

এর মধ্যে দিল্লিতে নির্বাসিত জীবন শেষ করে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র সাইদুর রহমান জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ এসেছে। চিঠিটি পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চিঠির সত্যতা ও আইনি দিক খতিয়ে দেখার কথা বলেছেন। অন্যদিকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিক। এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। তাঁর ভাষায়, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, তাদের প্রত্যর্পণ করতে বলে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পাসপোর্ট পেতে হলে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। শেখ হাসিনার এনআইডি অকার্যকর থাকায় তাঁর পক্ষে অনলাইনে আবেদন করার সুযোগও সীমিত।

মঙ্গলবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ বলেন, শেখ হাসিনার কোনো আবেদন তাঁরা পাননি। ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে কারা পাসপোর্ট পাওয়ার যোগ্য, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আইন মেনেই পাসপোর্ট দিতে হয়।

শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন করার সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলামও। চিঠির বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্সের বক্তব্য জানতে চাওয়া হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিষ্ঠানটির জবাব পাওয়া যায়নি।

পাসপোর্ট আইনে কী বলা আছে

বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু না করার কয়েকটি কারণ উল্লেখ রয়েছে। এসব কারণের এক বা একাধিক থাকলে আবেদনকারীকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিতে অস্বীকৃতি জানাতে পারে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো ফৌজদারি আদালতের বিচার এড়িয়ে পলাতক থাকলে বা তাঁর পলাতক হওয়ার আশঙ্কা থাকলে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানো যায়। কোনো আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে কর্তৃপক্ষ।

পুলিশ সদরদপ্তরের হিসাব অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁকে পলাতক দেখিয়ে বিভিন্ন মামলার বিচারকাজ চলছে। দিল্লিতে অবস্থানকালে রাষ্ট্রদ্রোহসহ কয়েকটি মামলায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।

মঙ্গলবার পাসপোর্ট আইনের ব্যাখ্যা দিয়ে প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেন, দণ্ডিত এবং বিচার এড়িয়ে পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ আইনে নেই। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে আবেদনকারীকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে। ফৌজদারি মামলার বিচার এড়ানোর চেষ্টা কিংবা আদালতের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও পাসপোর্ট না দেওয়ার বিধান রয়েছে।

শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। তাই তাঁর পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত আইনসম্মত বলে মনে করে সরকার। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের সংশ্লিষ্ট বিধানগুলো একসঙ্গে বিবেচনা করলে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।

অন্যদিকে, শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সংবিধানের ৩৬ অনুচ্ছেদের অধীনে তাঁর দেশে ফেরার অধিকার রয়েছে কি না, সে প্রশ্নও সামনে এসেছে। সংবিধানের এই অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও পুনঃপ্রবেশের অধিকার স্বীকার করা হয়েছে। তবে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধের কথাও সেখানে রয়েছে।

প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে এই অধিকারকে এককভাবে বিবেচনা করার সুযোগ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং বিভিন্ন মামলার বিচারকাজ চলছে। তাই সংবিধানের ৩৬ অনুচ্ছেদের ভিত্তিতে তাঁর দেশে ফেরার অধিকার নিয়ে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা বিভ্রান্তিকর। তিনি প্রশ্ন তোলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে সরকার কীভাবে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে পারে। তাঁর মতে, এমন পদক্ষেপ বিচারপ্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের অবস্থানের সাংঘর্ষিক হবে।

আগেও দুবার ফেরার প্রশ্নে জটিলতা

১৯৮১ সালে এবং ২০০৭ সালে সেনা-সমর্থিত মঈন-ফখরুদ্দিন সরকারের সময় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল। তবে ওই দুইবার তিনি ঠিক কোন ধরনের ভ্রমণ নথি নিয়ে দেশে ফিরেছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার সময় ছোট বোন শেখ রেহানার সঙ্গে জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। পরবর্তী ছয় বছর তাঁরা ভারতে নির্বাসিত জীবন কাটান। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন তিনি।

শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত কর্মকর্তা নজিব আহমেদ ২০২৪ সালের ১৭ মে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা ও তাঁর পরিবারের পাসপোর্ট ছিল না এবং তাঁদের ফেরার পথে নানা বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে সেই বাধা উপেক্ষা করেই তিনি দেশে ফেরেন।

১৯৮১ সালে শেখ হাসিনা পাসপোর্ট নিয়ে ফিরেছিলেন, নাকি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে—এ বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক নেতা। কেউ কেউ ধারণা করেছেন, তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষক মুশতাক হোসেন বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনার পাসপোর্ট ছিল কি না বা মেয়াদ শেষ হয়েছিল কি না, তা তাঁর জানা নেই। তবে তখন দেশে ফিরতে তাঁর বড় কোনো সমস্যা হয়নি। সে সময় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত।

১৯৮১ সালে ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক ছিলেন সাইফুল হক। বর্তমানে তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, স্মৃতি থেকে তাঁর মনে হয় শেখ হাসিনা তখন ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দেশে ফিরেছিলেন, তবে বিষয়টি নিশ্চিত নন। দ্বিতীয়বার শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে জটিলতা তৈরি হয় ২০০৭ সালে। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থা জারির পর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। ১৮ এপ্রিল সরকার এক প্রেস নোটের মাধ্যমে তাঁর দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে ২৪ এপ্রিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

শেখ হাসিনা ২০০৭ সালের ৭ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৪ সালের ৭ মে জাতীয় সংসদে ওই সময়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন, দেশে ফেরার প্রতিজ্ঞা করেছিলেন এবং ১৯৮১ সালের ১৭ মে ও ২০০৭ সালের ৭ মে সেই প্রতিজ্ঞা বাস্তবায়ন করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মঈন-ফখরুদ্দিন সরকার বিভিন্ন এয়ারলাইনসকে তাঁকে বোর্ডিং পাস না দিতে নির্দেশ দিয়েছিল। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তিন ঘণ্টা অবস্থানের পর তিনি ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডনে যান। সেখানেও তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল।

ট্রাভেল পাসে দেশে ফিরেছিলেন তারেক রহমান ও সালাহউদ্দিন

দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৭-০৮ সালে সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। মুক্তির পর পরিবার নিয়ে লন্ডনে চলে যান তিনি। এরপর দীর্ঘ সময় দেশে ফেরেননি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মা খালেদা জিয়ার অসুস্থতার খবরের মধ্যে তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়। তখন বিএনপি নেতারা জানান, পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরবেন তিনি। পরে ১৯ ডিসেম্বর ট্রাভেল পাস ইস্যু হওয়ার ছয় দিন পর দেশে ফেরেন তারেক রহমান।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছিলেন। ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পর তাঁর খোঁজ পাওয়া যায় ভারতের মেঘালয়ের শিলংয়ে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের সময় নিখোঁজ হওয়ার প্রায় নয় বছর পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফেরেন তিনি। বিএনপি নেতারা তখন জানিয়েছিলেন, ৬ আগস্ট গোহাটির বাংলাদেশ মিশন থেকে তিনি ট্রাভেল পাস নিয়েছিলেন।

তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের দেশে ফেরার নজির দেখিয়ে শেখ হাসিনার ক্ষেত্রেও ট্রাভেল পাসের সম্ভাবনার কথা আলোচনায় আসছে। তবে তাঁদের সঙ্গে শেখ হাসিনার আইনি অবস্থার পার্থক্য রয়েছে। তিনি এখন মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলার বিচার ও গ্রেপ্তারসংক্রান্ত কার্যক্রম চলমান।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ট্রাভেল পাসের সম্ভাবনা থাকলেও তা স্বয়ংক্রিয় কোনো অধিকার নয়। পাসপোর্ট আইন, আদালতের আদেশ, তাঁর দণ্ডাদেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিবেচনায় নিতে হবে। অন্যদিকে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর বিষয়টি নির্ভর করছে ভারত ও বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের ওপর। ফলে তাঁর দেশে ফেরার পথ শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের ওপরও নির্ভরশীল।

১

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

২

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

৩

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৪

পাসপোর্ট পাবেন না শেখ হাসিনা, দেশে ফেরার পথ কী

৫

তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি

৬

উখিয়ার কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, গ্যাসের মজুত যাচাইয়ের পরিকল্পনা

৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার ফেরার পরিকল্পনা, সহিংসতার শঙ্কা

৯

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

১০

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

১১

বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা

১২

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

১৩

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

১৫

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }