খেলা

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

কয়েক কিলোমিটার পথ সাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামের মাঠে অনুশীলন; এই একাডেমি থেকেই জাতীয় দলে সাগরিকা, স্বপ্না ও কুহাতি—কটূক্তি, বাধা, নিরাপত্তাহীনতা পেরিয়ে এগিয়ে চলেছেন নতুন প্রজন্মের ফুটবলাররা

ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে প্রায় ৩৯৮ কিলোমিটার দূরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামের একটি মাঠ। চারপাশে গ্রামীণ জনপদ, মাঠের এক পাশে বাড়িঘর, অন্য পাশে ফসলের জমি। প্রতিদিন সকালে কিংবা বিকেলে এই মাঠে জড়ো হন স্কুলপড়ুয়া একদল মেয়ে। কারও কাঁধে ফুটবল, কারও হাতে পানির বোতল। কেউ বুটের ফিতা বাঁধছেন, কেউ সতীর্থের সঙ্গে বল পাস করছেন। কয়েক কিলোমিটার পথ সাইকেল চালিয়ে, কেউবা হেঁটে আসেন অনুশীলনে। তাঁদের লক্ষ্য একটাই—ফুটবলার হওয়া।

রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির মাঠে প্রতিদিন অনুশীলন করেন অর্ধশতাধিক নারী ফুটবলার। তাঁদের কারও স্বপ্ন একদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা, কারও লক্ষ্য ফুটবল খেলে পরিবারের মুখ উজ্জ্বল করা। এই মাঠ থেকেই উঠে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন মোছা. সাগরিকা, স্বপ্না রানী সরকার ও কুহাতি কিসকুর মতো ফুটবলার। বয়সভিত্তিক জাতীয় দলেও সুযোগ পেয়েছেন এই একাডেমির কয়েকজন খেলোয়াড়। তাঁদের সাফল্য এখন নতুনদের স্বপ্ন দেখায়।

তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই। মাঠে বল নিয়ে দৌড়ানোর আগে অনেক মেয়েকে লড়তে হয়েছে পরিবার ও সমাজের আপত্তির সঙ্গে। শুনতে হয়েছে, ‘মেয়ে মানুষ হয়ে ফুটবল খেলবে কেন’, ‘প্যান্ট পরে মাঠে যাবে কেন’—এমন নানা কটূক্তি। কারও খেলতে যাওয়ার খবর পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের কাছে, কারও অভিভাবককে নিরুৎসাহিত করা হয়েছে। যাতায়াতের পথেও নিরাপত্তাহীনতা ও অস্বস্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে খেলোয়াড়দের। এমনকি মেয়েরা ফুটবল খেলতে আসে বলে মাঠ কেটে নষ্ট করে দেওয়ার ঘটনাও ঘটেছে। একপর্যায়ে এলাকাবাসীর বিরোধিতায় এক সপ্তাহ অনুশীলন বন্ধ রাখতে হয়েছিল।

তারপরও থামেননি মেয়েরা। তাঁদের অনেকের কাছে ফুটবল এখন শুধু খেলা নয়, নিজের পরিচয় তৈরি, সামাজিক বাধা অতিক্রম এবং ভবিষ্যৎ গড়ার লড়াই। যে মাঠে একসময় মেয়েদের খেলতে আসা নিয়ে আপত্তি ছিল, সেই মাঠই এখন নতুন প্রজন্মের স্বপ্নপূরণের জায়গা হয়ে উঠছে।

রাণীশংকৈলের বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তন্বী আক্তার ছোটবেলা থেকেই এই একাডেমিতে অনুশীলন করেন। পরিবার শুরু থেকেই তাঁকে সমর্থন দিয়ে আসছে। কিন্তু মাঠে আসা-যাওয়ার পথে গ্রামের মানুষের নানা মন্তব্য তাঁকে বিব্রত করে। তন্বী বলেন, ‘মেয়ে মানুষ প্যান্ট পরে খেলবে—এমন নানা আজেবাজে কথা বলে। বাসায় গিয়েও অনেকে বলেছে, কেন মেয়েকে খেলতে পাঠাচ্ছেন। ধর্মীয় বিষয় নিয়েও কথা বলেছে। পরিবার আমাকে সমর্থন দিয়েছে, যে কারণে এখনো মাঠে আসতে পারছি।’

একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুহিমা রানী খুশির ফুটবলের সঙ্গে পরিচয় তৃতীয় শ্রেণিতে পড়ার সময়। কিন্তু খেলার প্রতি আগ্রহ থাকলেও শুরু থেকেই পরিবারের বাধা ও সামাজিক কটূক্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। খুশি বলেন, ‘মেয়ে মানুষের ফুটবল খেলা ভালো না—এমন কথা শুনতে হয়েছে। এলাকার মানুষ বলত, তোমরা খেলতে যেয়ো না, এটা সমাজের সঙ্গে মানায় না। যাতায়াতের সময়ও কিছুটা সমস্যা হয়। যাওয়ার পথে অনেকে এমন ভাষা ব্যবহার করেন, যা বলা সম্ভব নয়। এসব সহ্য করেই মাঠে আসি। আমি খেলোয়াড় হতে চাই, বাবা-মায়ের নাম উজ্জ্বল করতে চাই।’

ছেলেদের সঙ্গে মেয়েদের সামাজিক অবস্থানের পার্থক্যও তাঁকে ভাবায়। খুশির আক্ষেপ, ‘আমরা যদি ছেলে হতাম, কেউ কিছু বলত না। ছেলেদের তো কেউ কিছু বলে না। মেয়ে হয়ে জন্মেছি বলেই এসব কথা শুনতে হচ্ছে।’

কটূক্তির কারণে একসময় ফুটবল ছেড়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল তাঁর। খুশি জানান, প্রথম দিকে মানুষের কথায় মন খারাপ করে দুই দিন অনুশীলনে আসেননি। পরে নিজেই সিদ্ধান্ত নেন, অন্যের কথায় স্বপ্ন ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘প্রথম দিকে এমনটা হয়েছিল। দুই দিন খেলতে আসিনি। পরে একা একাই মনে হয়েছে, মানুষের কথায় খেলা ছেড়ে দিলে হবে না। আমরা মেয়ে মানুষ, আমাদের এসব কথা শুনতেই হবে। দুই দিন পর আবার মাঠে এসেছি।’

নবম শ্রেণির শিক্ষার্থী জয়া কিসকুর চাওয়া, অনুশীলনের মাঠ ও যাতায়াতের পরিবেশ আরও নিরাপদ হোক। দূরদূরান্ত থেকে মেয়েরা এখানে অনুশীলন করতে আসেন। তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। জয়া বলেন, ‘আমরা দূরদূরান্ত থেকে মাঠে আসি। আমার চাওয়া, নিরাপত্তা নিশ্চিত এবং মাঠের পরিবেশ আরও ভালো করা।’ পরিবারের পক্ষ থেকেও কখনো কখনো খেলতে না যাওয়ার পরামর্শ পান তিনি। তবে নিজের অর্জন নিয়ে গর্বিত জয়া। তাঁর ভাষায়, ‘মেয়ে হয়ে জন্ম নিয়েও নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এখন পর্যন্ত যতদূর গিয়ে খেলেছি, অনেক ছেলেও সেই পর্যায়ে যেতে পারেনি।’

ফুটবলের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও সামাজিক বাধার কারণে একসময় মাঠে আসতে পারেননি জয়া। তিনি বলেন, ‘আমি খেলতে আসতে চাইতাম। কিন্তু সমাজের মানুষের কথা শুনে আমাকে আসতে দেওয়া হতো না। ওই সময় বল দেখতে না পাওয়ার কারণে অনেক কষ্ট পেয়েছি। অনেক কান্নাও করেছি।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুহাসিনীরও স্বপ্ন দেশের হয়ে ফুটবল খেলা। তবে মাঠে আসার পথে মানুষের বাজে মন্তব্য তাঁকে বিব্রত করে। সুহাসিনী বলেন, ‘খেলতে আসার সময় অনেকে বাজে কথা বলেন। আমার চাওয়া, একটু নিরাপত্তা যেন থাকে। মানুষ যেন এসব কথা না বলে। আমার ইচ্ছে দেশের হয়ে খেলব।’

এই মেয়েদের অনুশীলন করান রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা। তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, নানা বাধা সত্ত্বেও মেয়েদের নিয়মিত মাঠে আসার আগ্রহ। অনেক খেলোয়াড় সাত কিলোমিটার দূর থেকেও অনুশীলনে যোগ দেন। প্রতিদিন ৫০ জনের বেশি মেয়ে মাঠে আসেন বলে জানান তিনি।

গোপাল মুর্মু সুগা বলেন, ‘অনেক মেয়ে সাত কিলোমিটার দূর থেকেও অনুশীলন করতে আসেন। তাদের খেলাধুলার প্রতি আগ্রহ অনেক বেশি। প্রতিদিন ৫০ জনের বেশি মেয়ে অনুশীলন করেন। এলাকাবাসী সহযোগিতা করলে মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে। তবে এমন সময়ও গেছে, এলাকাবাসীর কারণে এক সপ্তাহ খেলা বন্ধ ছিল।’

প্রশিক্ষকের মতে, প্রতিভা ও আগ্রহ থাকলেও মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য নিয়মিত অনুশীলনের সুযোগ, নিরাপদ পরিবেশ এবং স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন। প্রত্যন্ত এলাকার এসব খেলোয়াড়ের অনেকেরই যাতায়াতের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। মাঠে আসার পথে সামাজিক কটূক্তি তাঁদের জন্য বাড়তি চাপ তৈরি করে। এই পরিস্থিতিতে পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একাডেমির পরিচালক তাজুল ইসলাম জানান, শুরুতে মেয়েদের ফুটবল শেখাতে অভিভাবকদের রাজি করানো ছিল বড় চ্যালেঞ্জ। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের একাডেমিতে ভর্তি করানোর অনুরোধ করতেন। কিন্তু অনেক অভিভাবক রাজি হতেন না। সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। এখন অভিভাবকেরাই মেয়েদের নিয়ে একাডেমিতে আসছেন।

তাজুল ইসলামের ভাষায়, ‘আগে আমরা বাড়ি বাড়ি গিয়ে বলতাম, আপনার মেয়েটাকে দেন, আমরা একাডেমিতে ভর্তি করাব। কিন্তু অভিভাবকেরা দিতে চাইতেন না। এখন অভিভাবকেরাই আসেন, বলেন, আমার মেয়েটাকে খেলা শেখান।’

এই পরিবর্তন রাণীশংকৈলের নারী ফুটবলের জন্য আশাব্যঞ্জক। একসময় যে সমাজের একটি অংশ মেয়েদের মাঠে আসাকে ভালোভাবে নিত না, সেই সমাজের অভিভাবকদের মধ্যেই এখন মেয়েদের খেলাধুলায় যুক্ত করার আগ্রহ তৈরি হচ্ছে। জাতীয় দলে খেলা একাডেমির সাবেক শিক্ষার্থীদের সাফল্যও এই পরিবর্তনে ভূমিকা রাখছে। তাঁদের অর্জন প্রমাণ করেছে, প্রত্যন্ত গ্রামের মেয়েরাও সুযোগ পেলে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।

তবে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনই শেষ কথা নয়। মেয়েদের নিরাপদ যাতায়াত, নিয়মিত অনুশীলনের পরিবেশ, মাঠের উন্নয়ন এবং প্রশিক্ষণের ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর সহযোগিতা পেলে এই একাডেমির খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আরও বাড়বে।

রাঙ্গাটুঙ্গির মাঠে প্রতিদিন যে মেয়েরা বল নিয়ে ছুটছেন, তাঁদের সবার গন্তব্য হয়তো জাতীয় দল নয়। কিন্তু প্রত্যেকেরই রয়েছে নিজের মতো করে বড় হওয়ার স্বপ্ন। কেউ পরিবারের মুখ উজ্জ্বল করতে চান, কেউ দেশের জার্সি গায়ে খেলতে চান, কেউ চান সমাজের প্রচলিত ধারণা বদলে দিতে। তাঁদের লড়াই তাই কেবল ফুটবলের মাঠে গোল করার নয়; নিজেদের জন্য সমান সুযোগ ও সম্মান আদায়েরও।

১

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

২

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

৩

আনতালিয়ায় পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের বৈঠক, সহযোগিতা বাড়াতে সম্মত দুই দেশ

৪

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

৫

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

৬

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

৭

দণ্ডিত শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান?

৮

নয় বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা

৯

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

১০

প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফের এসপির বিরুদ্ধে, জব্দ দুই ফোন

১১

বোমাবাজি ও আগুনের ঘটনায় ফিরছে কি আতঙ্কের দিন?

১২

ফুটবলার, সাংবাদিক থেকে পুলিশ কর্মকর্তা—পরীমণির জীবনে আলোচনায় আসা পুরুষেরা

১৩

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

১৪

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

১৫

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }