রহিদুল খান, চৌগাছা (যশোর)
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ৩৮
যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। চলছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। গাছিরা গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার রস ও গুড় উৎপাদন হবে বলে আশা করছে জেলার কৃষি বিভাগ। আর এ কাজে প্রায় ৩০ হাজার মানুষের মৌসুমি কর্মসংস্থান হবে বলে মনে করছেন উৎপাদনের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা।
জানা গেছে, যশোর জেলার খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো। তবে ১৭৯০ সালে খেজুর গুড়ের বাণিজ্যিক উৎপাদন ও তা থেকে চিনি তৈরি শুরু হয়। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় খেজুর গুড়ের সেই ঐতিহ্য। দেশে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে আবার আখ উৎপাদন কমে যাওয়ায় খেজুর গুড়ের চাহিদা বেড়েছে।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, খেজুর গুড় যশোর জেলার একটি জিআই পণ্য। শীতকালে মৌসুম শুরু হলে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সে কারণে বর্তমান সরকার গুড় রপ্তানির চেষ্টা করছে। গুড় রপ্তানি করতে পারলে গুড় বিক্রি করে আরো বেশি লাভবান হবেন গাছিরা।
চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের সবচেয়ে দামি গুড় উৎপাদনকারী গাছি মিজানুর রহমান বলেন, শীতকাল আমার পরিবারের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসে। শীত মৌসুমে রস ও গুড় বিক্রি করে আমার সংসার পরিচালনা করেও বেশ টাকা সঞ্চয় করতে পারি। তিনি বলেন, আমি বিশেষ পদ্ধতিতে অনেক পরিশ্রম করে এক ধরনের সাদা গুড়ের পাটালি তৈরি করি, যেটা বাজারে ৮০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করি। তিনি গুড়ের পাটালি বিদেশে রপ্তানির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। চলতি মৌসুমে নতুন গাছি জামলতা গ্রামের শিমুল সরদার বলেন, আমি এ বছর প্রায় ৮০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছি। শুরুতেই গুড়ের পাটালির জন্য যেভাবে অর্ডার পাচ্ছি, তাতে ভালো উপার্জন হবে বলে আশা করছি।
উপজেলার সিংহঝুলি গ্রামের গাছি রবিউল ইসলাম খান বলেন, খেজুর গাছ অবশ্যই একটি লাভজনক কৃষি। এ গাছের পরিচর্যা করতে তেমন কোনো ব্যয় নেই; কিন্তু একেকটি গাছ একজন কৃষককে প্রতি মৌসুমে অন্তত পক্ষে তিন হাজার টাকার রস ও গুড় প্রদান করে। স্নাতক পাস করা গাছি রবিউল ইসলাম আরো বলেন, সরকার যদি বৃহত্তর যশোর অঞ্চলের খেজুরের রস ও গুড়কে একটি শিল্প হিসেবে গ্রহণ করে সঠিক পরিকল্পনা নিতে পারে, তাহলে চিনি আমদানির বিপুল পয়সা সাশ্রয় হবে।
ক্ষুদ্র উদ্যোক্তা ফুলসারা গ্রামের আতাউর রহমান বলেন, আমি গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করি। তিনি বলেন, আমি কয়েক বছর ধরে এ ব্যবসা করছি, তাতে পুরো শীত মৌসুমে আমার একটা ভালো ব্যবসা হয়।
দেশে খেজুর গুড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে জানতে চাইলে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, চিনির তুলনায় খেজুরের গুড় অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। ঐতিহ্যগতভাবে সর্দি, শুষ্ক কাশি ও গলার মিউকাস পরিষ্কার করতে উষ্ণ পানি বা চায়ের সঙ্গে খেজুর গুড় খাওয়ার প্রচলন রয়েছে। এছাড়া সাদা চিনির তুলনায় খেজুরের গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম, যা রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে দেয় না। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার খেজুর গাছ রয়েছে, যা থেকে রস সংগ্রহ করা যায়। একটি খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। ওই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। সে হিসেবে চৌগাছা উপজেলায় প্রতি মৌসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হয়ে থাকে এবং সমগ্র যশোর জেলায় চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হবে।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। তিনি আরো বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেজুর গুড়ের পরিচিতি ও বিক্রির জন্য প্রতিবছর গুড় মেলার আয়োজন করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন