ইমরান হোসাইন রুবেল, সারিয়াকান্দি (বগুড়া)
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ৪২
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দিগন্তজোড়া মাঠজুড়ে এখন পাকা সোনালি আমন ধানের শিষ দুলছে। কোথাও চলছে আগাম জাতের ধান কাটা ও মাড়াই, আবার কোথাও ধান ঘরে তোলার প্রস্তুতি হিসেবে উঠান-আঙিনায় ধান মাড়াইয়ের কাজ।
উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। চর এলাকায় সামান্য কিছু জমিতে আবাদ করা হলেও বিল এলাকায় হয়েছে দিগন্তজোড়া আবাদ। বিশেষ করে বিল এলাকার ফুলবাড়ী, নারচী, ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের চাষিদের ব্যস্ততা বেড়েছে। অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন তারা।
বাম্পার ফলনেগত মঙ্গলবার ফুলবাড়ী, নারচী, ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম জাতের আমন ধান কাটতে কোমরে গামছা বেঁধে মাঠে নেমেছেন চাষিরা। কেউ কাস্তে হাতে ধান কাটছেন, কেউবা কাটা ধান আঁটি বেঁধে জমিতে স্তূপ করছেন। আবার কোথাও চলছে আধুনিক প্রযুক্তিতে মাড়াইয়ের কাজ। নিচু জমি ও আগাম রোপণ করা ধানক্ষেতে পাকা সোনালি শিষের আধিক্য দেখা গেছে। ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে গ্রামজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি এবার ধানের ন্যায্যমূল্যও নিশ্চিত হওয়ার আশা করছেন চাষিরা।
ফুলবাড়ী ইউনিয়নের হাটফুলবাড়ী গ্রামের চাষি শাহজান আলী সাজু বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। পরে আবহাওয়া অনুকূলে থাকায় পরিমাণমতো বৃষ্টিপাত হয়েছে। শিষ যেমন ভালো হয়েছে, ধানও হয়েছে দানাদার।
তিনি আরো বলেন, আগাম জাতের ধান কাটার পর ওই জমিতেই সরষের আবাদ করা হবে। বিআর-১১, ১০৩, ৯৩, ৪৯ ও বিআর-১০৩ সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি ২২-২৩ মণ করে ফলন পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আবহাওয়া অনুকূলে ছিল। এছাড়া তাদের কর্মকর্তারা দিনরাত পরামর্শ দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন