ব্যক্তিগত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা। তার দাবি, প্রায় এক বছর আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ার সময় তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। বিদেশ সফরের মাঝপথে হঠাৎ ভিডিওটি নিয়ে একের পর এক বার্তা পেতে শুরু করেন তিনি।
সম্প্রতি নিজের ভ্লগে ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপূর্বা জানান, ভিডিওটি ধারণের সময় তিনি কিংবা ডিজে আমিন জাজ কেউই জানতেন না যে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। তার ভাষ্য, ঘটনাটি একটি ব্যক্তিগত পার্টিতে ঘটেছিল। অপূর্বা বলেন, প্রায় এক বছর আগের ওই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। তুরস্ক থেকে নিউইয়র্ক যাওয়ার পথে তিনি প্রথম এ বিষয়ে জানতে পারেন। লন্ডনে যাত্রাবিরতির সময় অনেকেই তাকে ভিডিওটি দেখেছেন কি না, তা জানতে বার্তা পাঠাতে শুরু করেন।
হিথরো বিমানবন্দরে পৌঁছানোর আগেই তার ফোন অসংখ্য বার্তায় ভরে যায়। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন তিনি জানতে পারেন, তার বাবা-মাও ভিডিওটি দেখে ফেলেছেন। অপূর্বা জানান, তার বাবা-মা আগে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জানতেন না। অনলাইনে ছড়িয়ে পড়ার আগে তারাও ভিডিওটি দেখেননি। হঠাৎ করে বিষয়টি প্রকাশ্যে চলে আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপূর্বা বলেন, হিথরো বিমানবন্দরে বসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং মানুষের ভিড়ের মধ্যেই কাঁদছিলেন। তার ভাষায়, ঘটনাটি তার জন্য অত্যন্ত কঠিন অভিজ্ঞতা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বা মুখিজা ও ডিজে আমিন জাজের একসঙ্গে উপস্থিতি এবং ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। তবে তারা কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।
এর আগে আমিন জাজের পডকাস্ট ‘আনট্রিগার্ড উইথ আমিনজাজ’-এ অতিথি হিসেবেও দেখা গেছে অপূর্বাকে। পরবর্তী সময়ে এমবিএ করার জন্য তিনি নিউইয়র্কে চলে যান।
সূত্র: এনডিটিভি