নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মানির এক তরুণ পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পর্যটক নাটোর সদর থানায় পুলিশের সহযোগিতা চেয়েছেন।
১৮ বছর বয়সী ওই জার্মান তরুণের নাম কিরিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন তিনি। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন। সেখান থেকে অন্য একটি ট্রেনে দর্শনা স্টেশনে গিয়ে পরে ভারত যাওয়ার কথা ছিল তার।
নাটোর রেলস্টেশনে পৌঁছে যাত্রী বিশ্রামাগারে অবস্থান করছিলেন কিরিল। সেখানে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। কিছু সময় কথা বলার পর ওই যুবক কৌশলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। ব্যাগের মধ্যে ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানান কিরিল।
ব্যাগটি খুঁজে না পেয়ে স্টেশনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি। একপর্যায়ে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ। পরে বিষয়টি রেলস্টেশন কর্তৃপক্ষকে জানান। স্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করে এবং কিরিলকে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেয়।
পরে তিনি নাটোর সদর থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। বিদেশি পর্যটকের মালামাল চুরির ঘটনায় পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, ঘটনাটি জিআরপি পুলিশের আওতাধীন। তবে বিদেশি নাগরিকের বিষয় হওয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ব্যাগটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।