চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। বাড়ির গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সেখানে কোনো গাড়ি রাখা হয় না। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাড়িটির নিচতলায় গ্যারেজের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিও থেকে আগুন লাগার কারণ কিংবা এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।