শান্তিপূর্ণ সমাবেশ ও ভিন্নমতের অধিকার সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন; অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করার তাগিদ মাইকেল মিলারের
মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এই স্বাধীনতার অর্থ সহিংসতা বা বিদ্বেষ ছড়ানোর উসকানি দেওয়ার অধিকার নয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শান্তিপূর্ণ মতপ্রকাশের পক্ষে থাকলেও সহিংসতা ও সংঘাত উসকে দেওয়ার বিরোধী—এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও সংঘাতের বিষয়ে জানতে চাইলে মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে। তবে কোনো কর্মকাণ্ড বেআইনি হলে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করলে কিংবা ব্যক্তি ও সংগঠন সংঘাত পরিহার না করে উল্টো তা উৎসাহিত করলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের কথা তুলে ধরে তিনি বলেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত ইইউ মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করে। কিন্তু সংঘাতের উসকানি ও ঘৃণা ছড়ানোর পক্ষে নয়।
সাম্প্রতিক সংঘাত মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একাধিক চ্যালেঞ্জ একসঙ্গে সামনে আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ইইউ সব সময় পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ আনুপাতিক হওয়ার ওপর গুরুত্ব দেয়। তাঁর বিবেচনায়, সহিংসতা দমনে সরকারের পদক্ষেপ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং সহিংসতার পথ পরিহার করাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মাইকেল মিলার। একই সঙ্গে রাজনৈতিক শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার ওপরও জোর দেন তিনি।
রাজনৈতিক সংস্কার দীর্ঘ প্রক্রিয়া
রাজনৈতিক রূপান্তরের সময়ে নানা চ্যালেঞ্জ দেখা দেওয়াকে অস্বাভাবিক মনে করেন না ইইউ রাষ্ট্রদূত। তাঁর মতে, রাজনৈতিক বিবর্তন জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া; এটি রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়।
মাইকেল মিলার বলেন, ইউরোপের বিভিন্ন দেশও রাজনৈতিক রূপান্তরের সময় একই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে গেছে। সংস্কার এগিয়ে নিতে দীর্ঘ সময় ও দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। এ কারণে নির্বাচনের পর থেকেই সংস্কারপ্রক্রিয়ায় সমর্থনের বার্তা দিতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে ইইউ।
সংস্কার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য দলগুলোর মধ্যে সমঝোতা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁর পূর্ণ আস্থা আছে। তৈরি পোশাক খাতের মজুরি পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের বিষয়ে ইইউর অবস্থান নেই
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা বা পুনরায় চালুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই। তাঁর ব্যক্তিগত বক্তব্যকে সংস্থার আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা না করার কথাও উল্লেখ করেন তিনি। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ এখনো চলমান রয়েছে বলে ইইউ অবগত।
বাংলাদেশে স্থিতিশীলতা ও সমৃদ্ধি দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন—এ কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্থিতিশীলতার অর্থ শুধু রাজনৈতিক স্থিতি নয়; এর সঙ্গে ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং সহিংসতা পরিহারের বিষয়গুলোও জড়িত। জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষা করাও এর অংশ।
রাজনৈতিক রূপান্তরের আলোচনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি নাগরিকদের আস্থার সংকটের বিষয়টি তুলে ধরেন মাইকেল মিলার। তাঁর মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে আস্থার জায়গা প্রায় শূন্য হয়ে গিয়েছিল।
তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন বা সংসদের বিষয় নয়; এর সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতাও জড়িত। অতীতের শাসনামলে নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বাংলাদেশের পাশে থাকতে চায় ইইউ।
অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।