প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের টানে ২০২৭ সালে যেসব জায়গায় যেতে পারেন
নতুন বছর মানেই নতুন অভিজ্ঞতার হাতছানি। ভ্রমণপিপাসুদের কেউ খোঁজেন পাহাড়, বন ও সমুদ্রের সৌন্দর্য, কেউ ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ শহর ঘুরে দেখতে চান। আবার কারও আগ্রহ স্থানীয় মানুষের জীবনযাপন, খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার। এসব বৈচিত্র্যের কথা বিবেচনায় নিয়ে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের ২০টি গন্তব্য বেছে নিয়েছে বিবিসি ট্রাভেল।
তালিকায় জায়গা পেয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চল। জনপ্রিয় পর্যটনকেন্দ্রের পাশাপাশি রয়েছে তুলনামূলক কম পরিচিত কিছু জায়গাও। কোথাও বিরল বন্য প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের সুযোগ, কোথাও প্রাচীন উৎসব, আবার কোথাও নতুন পর্যটন অবকাঠামো বা আন্তর্জাতিক আয়োজন ভ্রমণের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ২০২৭ সালের ভ্রমণ পরিকল্পনায় রাখতে পারেন এসব গন্তব্য।
১. মাদাগাস্কার
আফ্রিকার পূর্ব উপকূলের দ্বীপদেশ মাদাগাস্কার প্রকৃতিপ্রেমীদের জন্য অনন্য গন্তব্য। পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না—এমন বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাস এই দ্বীপ। বিখ্যাত বাওবাব গাছ, লেমুর, প্যান্থার গিরগিটি এবং বৈচিত্র্যময় বন্য প্রাণী পর্যটকদের আকর্ষণ করে।
দেশটির তসিঙ্গি দে বেমারাহা ন্যাশনাল পার্ক ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। রেইনফরেস্ট, পাথুরে গিরিখাত ও বিচিত্র ভূপ্রকৃতির পাশাপাশি রানো-মাফানা ন্যাশনাল পার্ক এবং আনজা কমিউনিটি রিজার্ভ ঘুরে দেখার সুযোগ রয়েছে। পর্যটকদের কাছ থেকে পাওয়া অর্থ স্থানীয় স্বাস্থ্য ও শিক্ষাসেবা এবং বন্য প্রাণী সংরক্ষণেও ভূমিকা রাখে। তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ রক্ষায় অবদান রাখার সুযোগও রয়েছে এখানে।
২. কুইবেক সিটি, কানাডা
কানাডার ফরাসিভাষী কুইবেক সিটি ইতিহাস, স্থাপত্য ও প্রকৃতির মেলবন্ধনে অনন্য। শহরের পুরোনো অংশের পাথুরে রাস্তা, ঐতিহাসিক ভবন এবং ফরাসি সংস্কৃতির প্রভাব পর্যটকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে। ২০২৬ সালে শহরটি বিশ্বের প্রথম সম্পূর্ণ নগর এলাকা হিসেবে ইউনেসকোর জীবমণ্ডল সংরক্ষণ এলাকার স্বীকৃতি পেয়েছে।
শহরের ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি সেন্ট লরেন্স নদীর তীর, আব্রাহামের সমতলভূমি ও নতুন করে সাজানো জলতীরবর্তী এলাকা ঘুরে দেখার সুযোগ রয়েছে। শীতকালে আংশিক বরফে ঢাকা নদীতে আইস-ক্যানোয়িংয়ের অভিজ্ঞতাও নিতে পারেন পর্যটকেরা। এ ছাড়া শহরের কাছে আদিবাসী হুরন-ওয়েনডাট সম্প্রদায়ের সংস্কৃতি ও ইতিহাস জানার সুযোগ রয়েছে।

৩. ইসে-শিমা উপদ্বীপ, জাপান
জাপানের ইসে-শিমা উপদ্বীপে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘ওকিহিকি’ অনুষ্ঠান। প্রতি ২০ বছর পরপর আয়োজিত এ রীতিতে স্থানীয় বাসিন্দারা বিশাল সাইপ্রেস গাছের গুঁড়ি টেনে নিয়ে যান মন্দির পুনর্নির্মাণের জন্য। ২০২৭ সালের মে থেকে জুন এবং জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরুতে নির্দিষ্ট দিনগুলোতে এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা।
উপদ্বীপটির উপকূলীয় সৌন্দর্য, বন, প্রাকৃতিক উপসাগর এবং জাপানের গুরুত্বপূর্ণ শিন্তো উপাসনালয় ইসে জিঙ্গু মন্দির পর্যটকদের আকর্ষণ করবে। ইসে-শিমা ন্যাশনাল পার্ক ও মিকিমোতো পার্ল আইল্যান্ড ঘুরে দেখার সুযোগও রয়েছে। স্থানীয় সামুদ্রিক সংস্কৃতি ও নারী ডুবুরিদের প্রাচীন জীবিকার সঙ্গে পরিচিত হওয়াও ভ্রমণের বিশেষ অভিজ্ঞতা হতে পারে।
৪. সেন্ট হেলেনা
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মাঝামাঝি অবস্থিত। আগ্নেয়গিরির পাহাড়, নির্জন উপকূল ও ঐতিহাসিক স্থাপনা এ দ্বীপের প্রধান আকর্ষণ। রাজধানী জেমসটাউনের জর্জিয়ান আমলের স্থাপত্য এবং পাহাড়ঘেরা উপত্যকা পর্যটকদের মুগ্ধ করবে।
২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি এখানে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘ওয়ার্ল্ডস মোস্ট রিমোট ম্যারাথন’। এর আগে দ্বীপটিতে অ্যাডভেঞ্চার সপ্তাহে হাইকিং, কায়াকিং ও খোলা সমুদ্রে সাঁতারের মতো আয়োজন থাকবে। প্রায় চার হাজার মানুষের বসবাসের এ দ্বীপে পর্যটন স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবিকা টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
৫. সালভাদর, ব্রাজিল
ব্রাজিলের প্রথম রাজধানী সালভাদর ২০২৭ সালে ফিফা নারী বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি। আফ্রিকান ঐতিহ্য, সংগীত, নৃত্য, ধর্মীয় সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের জন্য শহরটি বিশেষভাবে পরিচিত। আটলান্টিক মহাসাগর ও বে অব অল সেইন্টসের মাঝখানে অবস্থিত এ শহরে সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি রয়েছে সমৃদ্ধ ইতিহাস।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ পেলোরিনিয়ো এলাকায় দেখা মিলবে পুরোনো ঔপনিবেশিক ভবন, গির্জা ও পাথুরে রাস্তার। আফ্রিকান-ব্রাজিলীয় শিল্প ও সংস্কৃতি জানার জন্যও শহরটি গুরুত্বপূর্ণ। নৌকায় করে ইলহা দোস ফ্রাদেস দ্বীপে গেলে স্বচ্ছ পানিতে সাঁতার, পাহাড়ি দৃশ্য ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে।
৬. ওকেফেনোকি জলাভূমি, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্তজুড়ে বিস্তৃত ওকেফেনোকি উত্তর আমেরিকার বৃহত্তম ব্ল্যাকওয়াটার জলাভূমি। জলাভূমির কালচে পানি, সাইপ্রেস গাছ, ছোট দ্বীপ ও বিচিত্র বন্য প্রাণী একে প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে।
এখানে নৌকা বা কায়াক নিয়ে জলপথে ঘুরে দেখা, কুমির ও বিভিন্ন প্রজাতির পাখি পর্যবেক্ষণ এবং প্রকৃতির মধ্যে রাত কাটানোর সুযোগ রয়েছে। ২০২৬ সালে জলাভূমিটির একটি অংশ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। নির্জন পরিবেশে রাতের আকাশে তারা দেখার অভিজ্ঞতাও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারে।
৭. বুরগুন্ডি, ফ্রান্স
ফ্রান্সের বুরগুন্ডি অঞ্চল আঙুরের বাগান, ঐতিহাসিক গ্রাম ও খাবারের জন্য বিখ্যাত। ২০২৭ সালে এ অঞ্চল ভ্রমণের বাড়তি কারণ হলো ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি। ফটোগ্রাফির ইতিহাসের সঙ্গে যুক্ত চ্যালোঁ-সুর-সোন শহরে এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। বিশ্বের প্রাচীনতম টিকে থাকা ক্যামেরায় তোলা একটি ছবি ২০২৭ সালের এপ্রিলের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ডিজঁ শহরের মধ্যযুগীয় স্থাপনা, স্থানীয় বাজার এবং বিখ্যাত আঙুরক্ষেত ঘুরে দেখার সুযোগ রয়েছে। বুরগুন্ডির গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী খাবার ও স্থানীয় উৎপাদকদের সঙ্গে পরিচিত হতে পারেন পর্যটকেরা।
৮. মেঘালয়, ভারত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় পাহাড়, বন, ঝরনা ও জীবন্ত শিকড়ের সেতুর জন্য পরিচিত। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছের শিকড়কে বিশেষভাবে পরিচালিত করে এসব সেতু তৈরি করেছেন। প্রকৃতি ও মানুষের দীর্ঘদিনের সহাবস্থানের এক অনন্য নিদর্শন এগুলো।
২০২৭ সালের মার্চে ৩৯তম জাতীয় গেমস সামনে রেখে রাজ্যটিতে এক হাজার হোমস্টে তৈরি বা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পর্যটকেরা স্থানীয় পরিবারের সঙ্গে থেকে পাহাড়ি জীবন, ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। নকরেক জীবমণ্ডল সংরক্ষণ এলাকা, মাওফ্লাংয়ের পবিত্র বন এবং শিলংয়ের চেরি ব্লসম উৎসবও ভ্রমণসূচিতে রাখতে পারেন।
৯. ঘানা
পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ২০২৭ সালে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদ্যাপন করবে। ১৯৫৭ সালে সাব-সাহারান আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। এ উপলক্ষে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক নানা আয়োজনের সম্ভাবনা রয়েছে।
কেপ কোস্ট ও এলমিনা দুর্গ দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। আটলান্টিক দাসবাণিজ্যের ইতিহাসের সঙ্গে যুক্ত এসব স্থাপনা পর্যটকদের অতীতের কঠিন বাস্তবতা সম্পর্কে ধারণা দেবে। রাজধানী আক্রায় রয়েছে আধুনিক শিল্পকলা, ফ্যাশন, আফ্রোবিটস সংগীত ও বৈচিত্র্যময় খাবারের আয়োজন। কাকুম ন্যাশনাল পার্কের উঁচু ঝুলন্ত সেতু দিয়ে বনের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতাও নিতে পারবেন পর্যটকেরা।
১০. ডেইন্ট্রি রেইনফরেস্ট, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ডেইন্ট্রি পৃথিবীর প্রাচীনতম গ্রীষ্মমণ্ডলীয় বনগুলোর একটি। এখানে ঘন বন, সাদা বালুর সৈকত এবং বিচিত্র বন্য প্রাণীর দেখা মেলে। ক্যাসোয়ারি পাখি ও গাছে বসবাসকারী ক্যাঙ্গারু এ বনের বিশেষ আকর্ষণ। গ্রেট ব্যারিয়ার রিফের কাছাকাছি হওয়ায় একই ভ্রমণে বন ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা সম্ভব।
২০২৭ সালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে পরিচালিত নতুন পর্যটন অভিজ্ঞতা এ অঞ্চলের আকর্ষণ বাড়াবে। আদিবাসী গাইডের সঙ্গে বন ঘুরে তাঁদের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক জানার সুযোগ রয়েছে। স্থানীয় খাবার ও বনজ উপাদানভিত্তিক খাদ্যসংস্কৃতির সঙ্গেও পরিচিত হতে পারবেন পর্যটকেরা।
১১. বোহিনজ, স্লোভেনিয়া
ইউরোপের দেশ স্লোভেনিয়ার বোহিনজ অঞ্চল পাহাড়, হ্রদ ও সবুজ উপত্যকার জন্য পরিচিত। জুলিয়ান আল্পসের কোলে অবস্থিত এ এলাকায় রয়েছে বোহিনজ হ্রদ ও ত্রিগ্লাভ ন্যাশনাল পার্ক। ২০২৬ সালে চালু হওয়া নতুন ২৮ কিলোমিটার সাইকেলপথ ব্লেড ও বোহিনজ হ্রদকে যুক্ত করেছে।
এ পথে সাইকেল চালালে বন, ঝরনা, পুরোনো গির্জা ও পাহাড়ি গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায়। পরিবেশবান্ধব পর্যটন, স্থানীয় খাবার এবং কাঠের তৈরি পরিবেশসচেতন থাকার ব্যবস্থাও এ অঞ্চলের বিশেষ আকর্ষণ। পাহাড়ি প্রকৃতির মধ্যে হাঁটা ও সাইকেল চালাতে আগ্রহীদের জন্য বোহিনজ হতে পারে চমৎকার গন্তব্য।
১২. আনস্ট, স্কটল্যান্ড
স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জের আনস্ট ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরের জনবসতিপূর্ণ দ্বীপ। ভাইকিংদের ইতিহাস, প্রাচীন স্থাপনা ও নির্জন সমুদ্রসৈকতের জন্য পরিচিত এ দ্বীপে ২০২৭ সালে নতুন আকর্ষণ যোগ হতে পারে।
এখানে যুক্তরাজ্যের প্রথম লাইসেন্সপ্রাপ্ত উল্লম্ব রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্যাক্সাভোর্ড থেকে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। পর্যটকেরা নির্ধারিত দর্শনস্থল থেকে উৎক্ষেপণ দেখার সুযোগ পেতে পারেন। পাশাপাশি দ্বীপটির পুরোনো দুর্গ, স্থানীয় জাদুঘর, সমুদ্রসৈকত ও ভাইকিং যুগের নিদর্শন ঘুরে দেখা যাবে।
১৩. গ্যাংওন প্রদেশ, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশ সিউলের ব্যস্ত নগরজীবন থেকে ভিন্ন এক অভিজ্ঞতা দেবে। পাহাড়, বন, বৌদ্ধ মন্দির ও সমুদ্র উপকূল এ অঞ্চলের প্রধান আকর্ষণ। সিওরাকসান ন্যাশনাল পার্কের কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পথ ধরে হাঁটা, জলপ্রপাত দেখা এবং নিরিবিলি মন্দিরে সময় কাটানো যায়।
উপকূলীয় শহর সোকচোতে সামুদ্রিক খাবার এবং গ্যাংনুংয়ে ঐতিহ্যবাহী ডানো উৎসব উপভোগের সুযোগ রয়েছে। রাজধানীর বাইরে দক্ষিণ কোরিয়ার গ্রামীণ সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে পরিচিত হতে চাইলে গ্যাংওন হতে পারে আকর্ষণীয় গন্তব্য।
১৪. আলবার্টা, কানাডা
কানাডার আলবার্টা প্রদেশ পাহাড়, হিমবাহ, নীল হ্রদ ও বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। ২০২৭ সালে এ অঞ্চলে আদিবাসী ইতিহাস ও ঐতিহ্য জানার বিশেষ সুযোগ তৈরি হবে। ওই বছর ফার্স্ট নেশনস সম্প্রদায়ের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক ট্রিটি ৭-এর ১৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে ব্ল্যাকফুট ক্রসিং ও ক্যালগেরির বিভিন্ন স্থানে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ক্যালগেরির গ্লেনবো জাদুঘর নতুনভাবে চালুর কথা রয়েছে, যেখানে ব্ল্যাকফুট ইতিহাস ও সমকালীন আদিবাসী শিল্প গুরুত্ব পাবে। অন্যদিকে ২০২৪ সালের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত জ্যাসপার ন্যাশনাল পার্কের কিছু পর্যটন সুবিধা ও পথ ২০২৭ সালে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। হিমবাহ, নীল হ্রদ ও পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় আদিবাসী সংস্কৃতি জানার সুযোগও থাকবে।

১৫. সার্ডিনিয়া, ইতালি
ভূমধ্যসাগরের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সার্ডিনিয়া সমুদ্রসৈকতের পাশাপাশি প্রাচীন ইতিহাস ও গ্রামীণ জীবনের জন্যও আকর্ষণীয়। দ্বীপটির ভেতরের পাহাড়ি এলাকায় রয়েছে হাজার হাজার প্রাচীন পাথরের স্থাপনা, রহস্যময় সমাধি ও ঐতিহ্যবাহী বসতি।
জনপ্রিয় সৈকত ও পর্যটনকেন্দ্রের বাইরে গিয়ে বারবাজিয়া অঞ্চলের গ্রাম, স্থানীয় খাবার ও সংস্কৃতি আবিষ্কার করতে পারেন পর্যটকেরা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দ্বীপটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থানীয় মানুষের জীবনযাপন ভ্রমণকে দেবে ভিন্ন মাত্রা।
১৬. ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে নতুনভাবে গড়ে উঠেছে। পুনর্নির্মিত নদীতীর, হাঁটা ও সাইকেল চালানোর পথ এবং নতুন ক্রীড়া ও বিনোদনকেন্দ্র শহরটিকে নতুন পরিচয় দিয়েছে। শহরের পুনর্গঠনে স্থানীয় মাওরি জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতিও গুরুত্ব পেয়েছে।
খাবারের বৈচিত্র্য, আশপাশের সমুদ্রসৈকত, আঙুরক্ষেত এবং দক্ষিণ আল্পসের পাহাড়ি দৃশ্য পর্যটকদের বাড়তি আকর্ষণ দেবে। শহুরে জীবন ও প্রকৃতির সমন্বিত অভিজ্ঞতা পেতে চাইলে ক্রাইস্টচার্চ হতে পারে ভালো পছন্দ।
১৭. হারগিতা কাউন্টি, রোমানিয়া
রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলের হারগিতা কাউন্টি ২০২৭ সালে ইউরোপীয় গ্যাস্ট্রোনমি অঞ্চল হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। পাহাড়ি গ্রাম, বন ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের জন্য অঞ্চলটি বিশেষভাবে পরিচিত।
এখানে ধূমায়িত মাংস, পাহাড়ি পনির, মাশরুম, আলুর রুটি ও স্থানীয় ফল দিয়ে তৈরি খাবারের স্বাদ নিতে পারবেন পর্যটকেরা। স্থানীয় অতিথিশালায় থেকে গ্রামীণ জীবন ও খাবারের সংস্কৃতি কাছ থেকে জানার সুযোগও রয়েছে। স্থানীয় উৎপাদক ও ছোট ব্যবসার সঙ্গে পর্যটনের সংযোগ এ অঞ্চলের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

১৮. কর্দিয়েরা ব্লাঙ্কা, পেরু
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কর্দিয়েরা ব্লাঙ্কা অঞ্চল বরফঢাকা পাহাড়, নীল হ্রদ ও প্রাচীন সভ্যতার নিদর্শনের জন্য পরিচিত। আন্দিজ পর্বতমালার এ এলাকায় রয়েছে পাঁচ শতাধিক হিমবাহ ও উঁচু পাহাড়ি পথ। চার দিনের সান্তা ক্রুজ ট্রেক অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারে।
এ ছাড়া লাগুনা ৬৯ হ্রদের নীল পানি ও চারপাশের পাহাড়ি দৃশ্য পর্যটকদের মুগ্ধ করবে। হাইকিং, পর্বতারোহণ ও প্রকৃতির মধ্যে সময় কাটানোর জন্য অঞ্চলটি উপযোগী। উন্নত যোগাযোগব্যবস্থা ও যাতায়াতের সুযোগ বাড়ায় পর্যটকদের জন্য এ অঞ্চলে পৌঁছানোও আগের তুলনায় সহজ হচ্ছে।
১৯. আলমাতি, কাজাখস্তান
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতি তিয়ান শান পর্বতমালার পাদদেশে অবস্থিত। বরফঢাকা পাহাড়, আধুনিক শিল্পকলা, ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির মেলবন্ধন এ শহরের বিশেষত্ব। শহরের কাছেই রয়েছে পাহাড়ি হ্রদ ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নানা পর্যটনকেন্দ্র।
২০২৭ সালে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা থাকায় শহরটিতে যাতায়াত আরও সহজ হতে পারে। আলমাতি মিউজিয়াম অব আর্ট ও সেলিনি সেন্টার অব কনটেম্পরারি কালচারে সমকালীন শিল্পকর্ম দেখার সুযোগ রয়েছে। এ ছাড়া গ্রীষ্মে ‘দ্য স্পিরিট অব টেংরি’ সংগীত উৎসব পর্যটকদের আকর্ষণ করতে পারে।
২০. নাগাতো ইউমোতো ওনসেন, জাপান
জাপানের ইয়ামাগুচি অঞ্চলের ঐতিহ্যবাহী উষ্ণ প্রস্রবণকেন্দ্র নাগাতো ইউমোতো ওনসেনের ইতিহাস প্রায় ৬০০ বছরের পুরোনো। ২০২৭ সালে এ উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঐতিহ্যবাহী স্নান, আলোকসজ্জা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যটকদের আকর্ষণ করবে।
পাহাড়ি পরিবেশে অবস্থিত এ উষ্ণ প্রস্রবণকেন্দ্র জাপানের ব্যস্ত নগরজীবন থেকে দূরে শান্ত সময় কাটানোর সুযোগ দেয়। স্থানীয় খাবার, ঐতিহ্যবাহী থাকার ব্যবস্থা এবং জাপানি স্নানসংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চাইলে নাগাতো ইউমোতো ওনসেন হতে পারে ভ্রমণসূচির বিশেষ সংযোজন।
ভ্রমণের আনন্দ শুধু নতুন কোনো জায়গা দেখা কিংবা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়। অচেনা মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ভিন্ন সংস্কৃতি জানা এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর মধ্যেই লুকিয়ে থাকে ভ্রমণের আসল অভিজ্ঞতা। তাই ২০২৭ সালের ভ্রমণ পরিকল্পনায় পরিচিত গন্তব্যের পাশাপাশি এসব বৈচিত্র্যময় জায়গাও রাখতে পারেন। তবে যেখানেই যাওয়া হোক, স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখে দায়িত্বশীল ভ্রমণ নিশ্চিত করাই হোক সবার লক্ষ্য।
