মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে ইফতেখার অনিক (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইফতেখার অনিক ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরদারপাড়া এলাকার মো. আলমগীর হোসেন আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে অনিক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ইকুরিয়া এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর অনিক গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে কক্সবাজারে গিয়ে আত্মগোপন করেন বলে পুলিশ জানিয়েছে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের একটি দল কক্সবাজারে অভিযান চালায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনিকের বাবা মো. আলমগীর হোসেন আলম ইকুরিয়া এলাকার একটি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।
কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিষয়ে আইন অনুযায়ী তদন্ত করা হচ্ছে।