সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও পাঁচটি দানবাক্সের টাকা গণনা করে পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৪০৮ টাকা। এ ছাড়া এক ভরির বেশি স্বর্ণ, তিন ভরির বেশি রুপা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। দানবাক্স থেকে বিভিন্ন দাবি-দাওয়া ও আবেদনসংবলিত চিঠির সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে লেখা একটি বেনামি চিঠিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে গণনা শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ, মাজার পরিচালনা কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকিতে দিনভর এ কার্যক্রম চলে। বিকেলে জেলা প্রশাসক গণনার ফলাফল জানান।
তারেক রহমানের উদ্দেশে লেখা চিঠিতে বিএনপির কর্মী ও সদস্য হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। চিঠিতে কর্মী হতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫ এবং সদস্য হতে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৫ পাওয়ার শর্ত আরোপের কথা বলা হয়। একই সঙ্গে কোনো কিশোরকে পরীক্ষার আগে দলে যুক্ত না করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে ইংরেজিতে লেখা ছিল, ‘আই ওয়ান্ট দ্য চেঞ্জ টু কাম থ্রু ইউ’। তবে চিঠিটির লেখকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গণনায় নগদ অর্থ ছাড়াও পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার বিস্তারিত মূল্যায়ন এবং মানত করা গরু-ছাগলের হিসাব তুলে ধরা হয়। দানবাক্স থেকে উদ্ধার হওয়া অন্যান্য চিঠিতে বিভিন্ন দাবি ও ব্যক্তিগত আবেদনও ছিল।
দীর্ঘদিনের প্রথা পরিবর্তন করে গত ১৮ জুন নতুন সিলগালাকৃত দানবাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খুলে টাকা গণনা করা হচ্ছে। আগের চার দফায় পাওয়া অর্থের পরিমাণ ছিল যথাক্রমে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা, ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। চার দফায় মোট জমা হয়েছিল ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।
নতুন ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয়ের জন্য সোনালী ব্যাংকের যৌথ হিসাবে রাখার পরিকল্পনা রয়েছে। বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহারের কথা বলা হয়েছে।
মাজারের দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন আবেদনসংবলিত চিঠি পাওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার রাজনৈতিক সংস্কার নিয়ে তারেক রহমানের উদ্দেশে লেখা বেনামি চিঠিটি বিশেষভাবে আলোচনায় এসেছে।