মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানকে যে ১৫ দফা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, সে বিষয়ে রাশিয়া এখনও কোনও তথ্য পায়নি বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার (২৫ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘আমাদের ইরানি বন্ধুরা এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে পাঠায়নি। (যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পর্কিত) এসব প্রতিবেদন কতটা নির্ভরযোগ্য, তাও আমরা জানি না।’
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস দুই কূটনীতিকের বরাতে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়। এতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এই প্রস্তাব গ্রহণ করবে কি না বা ইসরায়েল এতে সমর্থন দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইরান যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা জবাব অব্যাহত রয়েছে।
মস্কোকে তেহরান এ ধরনের কোনও প্রস্তাবের কথা জানিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এই মুহূর্তে এত বেশি তথ্য ছড়ানো হচ্ছে, যার বেশিরভাগই সম্পূর্ণ ভুয়া। তাই সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত কিছুই মূল্যায়ন করা সম্ভব নয়।’
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়েও কথা বলেন পেসকভ। তিনি জানান, ইউক্রেন ইস্যুতে দ্বিপাক্ষিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইউক্রেন যুদ্ধের সমাধানে ওয়াশিংটনের প্রচেষ্টাকে মস্কো স্বাগত জানায় বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের আগে দুই দেশ ২৩-২৪ জানুয়ারি, ৪-৫ ফেব্রুয়ারি এবং ১৭-১৮ ফেব্রুয়ারি—এই তিন দফায় ত্রিপাক্ষিক বৈঠক করে। প্রথম দুটি বৈঠক সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও তৃতীয়টি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়।
সূত্র: আনাদোলু