যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে স্থল ও নৌ-অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং বাব এল-মান্দেব প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা।
প্রতিবেদন অনুযায়ী, অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে সৌদি আরব।
এদিকে, যুক্তরাষ্ট্রের সৌদি আরব দূতাবাস জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ‘লোহিত সাগর প্রতিরক্ষা জোট’ নামে একটি বহুজাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এ জোটে যোগদানের জন্য প্রায় ৫০টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে ১৪টি দেশ সদস্য হতে সম্মতি দিয়েছে। সম্মত দেশগুলোর মধ্যে তুরস্ক, মিসর, পাকিস্তান, নাইজেরিয়াসহ আরব ও আফ্রিকার কয়েকটি দেশ রয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো বিকল্প রুট হিসেবে লোহিত সাগর ব্যবহার করছে। ফলে বাব এল-মান্দেব প্রণালির কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
সৌদি আরবের অন্যতম প্রধান সমুদ্রবন্দর ইয়ানাবু এই অঞ্চলের কাছাকাছি অবস্থিত। গত সপ্তাহে ওই বন্দরে ড্রোন হামলা চালায় হুথি গোষ্ঠী এবং হামলার দায়ও স্বীকার করে।
আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ইয়ানাবু বন্দরে হামলার পর বাব এল-মান্দেব হয়ে লোহিত সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সূত্র: দ্য হিল।
শু/আজা