গত মাসে হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাটি ভুয়া বা সাজানো নাটক ছিল বলে মনে করেন প্রতি চারজনে একজন মার্কিন নাগরিক। সোমবার প্রকাশিত সংবাদমাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ‘নিউজগার্ড’-এর এক জরিপে আমেরিকানদের এই সন্দেহের চিত্র ফুটে উঠেছে।
জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট দলের সমর্থকদের মধ্যে প্রতি তিনজনে একজন (প্রায় ৩৩ শতাংশ) মনে করেন, ওই নৈশভোজের ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে মঞ্চস্থ করা হয়েছিল। বিপরীতে রিপাবলিকানদের ক্ষেত্রে প্রতি আটজনে একজন (প্রায় ১২ শতাংশ) একই কথা বিশ্বাস করেন। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই সন্দেহপ্রবণতা প্রবীণদের চেয়ে বেশি দেখা গেছে।
গত মাসে ওয়াশিংটনের হিলটন হোটেলে ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক নৈশভোজে গুলির ঘটনা ঘটে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তারাও ছিলেন।
সাংবাদিক ও রাজনীতিবিদের এই মিলনমেলায় হামলার চেষ্টাকারীকে আটক করে তাকে কোল টমাস অ্যালেন বলে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অবিশ্বাসের মূলে ষড়যন্ত্র তত্ত্ব
গত ২৫ এপ্রিলে ওই গুলির ঘটনার পর থেকেই অনলাইনে নানা ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলতে শুরু করে।কোল অ্যালেনকে হামলার অভিযোগে অভিযুক্ত করা হলেও অনেক নেটিজেন দাবি করেন, ট্রাম্প প্রশাসন নিজেই রাজনৈতিক সমর্থন বাড়াতে এই নাটক সাজিয়েছে।
নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, “ জরিপের এই ফল অত্যন্ত বিস্ময়কর। এটি সরকার ও মূলধারার সংবাদমাধ্যমের প্রতি আমেরিকানদের গভীর অবিশ্বাসের প্রতিফলন। মানুষ এখন গণমাধ্যমের চেয়ে অনলাইনে দেখা যাচাইহীন তথ্যের ওপর বেশি ভরসা করছে।”
হোয়াইট হাউজ এই ষড়যন্ত্র তত্ত্বকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ওপর হামলার নাটক সাজিয়েছেন, এমন কথা যারা বিশ্বাস করেন, তারা আস্ত বোকা।”
গণমাধ্যম বিশ্লেষক জোয়ান ডনোভান বলেন, “সরকারের পুরো ব্যবস্থাই যেন এখন একটি রিয়েলিটি টিভি শো-তে পরিণত হয়েছে।”
২০২৪ সালে ট্রাম্পের ওপর হওয়া আগের দুটি হামলা নিয়েও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ কাজ করছে।
জরিপে যা দেখা গেছে
বাটলার হামলা (পেনসিলভানিয়া): ২৪ শতাংশ মার্কিনি মনে করেন এটি সাজানো ছিল। ৪২ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭ শতাংশ রিপাবলিকান একে ‘সাজানো’ মনে করেন।
গলফ ক্লাব (ফ্লোরিডা): ফ্লোরিডার গলফ ক্লাবে ট্রাম্পকে হত্যা করতে ওঁত পেতে বসে থাকা আততায়ীর ঘটনাটিকেও ১৬ শতাংশ মার্কিনি ভুয়া বলে মনে করেন।
জরিপ অনুযায়ী, মোট ২১ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বিশ্বাস করেন যে, ট্রাম্পের ওপর হওয়া তিনটি হামলার প্রতিটিই ছিল পূর্বপরিকল্পিত নাটক।
রাজনৈতিক বিশ্লেষক জ্যারেড হোল্টের মতে, মার্কিন রাজনীতিতে এই ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ এখন একটি সাধারণ মানসিকতায় পরিণত হয়েছে।
ইউগভ-এর মাধ্যমে ১ হাজার মার্কিন নাগরিকের ওপর গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়।