যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের কথা ভাবতে প্ররোচিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তাঁর দাবি, ওয়াশিংটনের কর্মকাণ্ড বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করেছে।
শনিবার (২২ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
রেজাই বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্ত বিশ্বে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে উসকে দিয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) যুক্তরাষ্ট্রকে কোনো দেশ আক্রমণ করা থেকে বিরত রাখতে পারবে না—এ বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেছে।
রেজাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আলোচনা ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি ইরানের সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তিতে নিজেদের দেওয়া স্বাক্ষরও তারা লঙ্ঘন করেছে বলে দাবি করেন তিনি।
এ পরিস্থিতিতে ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশল হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করেন রেজাই। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের আলোচনা ও অঙ্গীকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক দৃষ্টিভঙ্গিও সংস্কার করা প্রয়োজন।
শু/আজা