আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে ৩ লাখ নতুন সেনা নিয়োগ দেওয়া হবে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, ২০২৭ সালের মধ্যে রুশ সেনাবাহিনীতে নতুন করে ৫ লাখ সেনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
রোববার (২৩ আগস্ট) রাজধানী কিয়েভে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলেনস্কি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, প্রস্তাবিত ৫ লাখ সেনার মধ্যে ৩ লাখকে আগামী সেপ্টেম্বরে নিয়োগ দেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পর এই নিয়োগপ্রক্রিয়া শুরু হতে পারে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলো থেকে সৈন্য সংগ্রহ করা হবে। সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের দৃষ্টি এড়াতে বড় শহরগুলোতে সেনা সমাবেশ না করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে রাশিয়ার নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেন, নতুন ৩ লাখ সেনা নিয়োগ করলেও রুশ বাহিনী তাদের বেশিদিন ধরে রাখতে পারবে না।
রাশিয়ায় আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। চার বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক সেনা ও সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
শু/আজা