রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন

ভারতের ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, মুসলিমদের বাংলাদেশে পাঠানোর অভিযোগ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

ভোটার তালিকা সংশোধনের পর আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা; ১০ পরিবারের সাক্ষাৎকার ও আদালতের নথিতে নাগরিকত্ব যাচাই নিয়ে গুরুতর প্রশ্ন

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দেশটির বিভিন্ন রাজ্যে মুসলিমদের আটক, জিজ্ঞাসাবাদ এবং বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের সঙ্গে অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের অভিযান যুক্ত হয়ে পড়ায় নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। অথচ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কেউ বিদেশি নাগরিক হয়ে যান না। এমন ১০টি পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং আদালতের নথি পর্যালোচনা করে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ওপর। পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পরবর্তী যাচাইয়ে বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ মুসলিম।

রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের ঘটনা। গত ১৯ জুলাই ভারতের মুম্বাইয়ে বাড়ি থেকে সবজি কিনতে বের হওয়ার পর তাঁকে আটক করা হয়। সাহিদার ভাষ্য, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা পেছন থেকে তাঁর হাত চেপে ধরে গাড়িতে তুলে নেন। তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ওই ফোনে নিজের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথির কপি ছিল। পরে তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

মুঠোফোনে স্বামীর সঙ্গে কথা বলছেন সাহিদা। ২ নভেম্বর ২০২৬, সাতক্ষীরা

  • মুঠোফোনে স্বামীর সঙ্গে কথা বলছেন সাহিদা। ২ নভেম্বর ২০২৬, সাতক্ষীরা, ছবি: রয়টার্স

বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে আশ্রয় নিয়েছেন সাহিদা। স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। রয়টার্সকে তিনি বলেন, ‘আমি একমুহূর্তের জন্যও কল্পনা করিনি, তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শিকড় ভারতে।’

সাহিদার দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ার পর তাঁকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়। অথচ রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা গেছে, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরে তাঁর মা-বাবা ও দাদা-দাদি ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম ছিল। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় রয়েছে বলে তাঁর ভোটার পরিচয়পত্র পর্যালোচনা করে নিশ্চিত হয়েছে রয়টার্স।

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কলকাতা হাইকোর্টে দাবি করেছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো বৈধ বা বিশ্বাসযোগ্য নথি দেখাতে তিনি ব্যর্থ হন। সাহিদা এ দাবি অস্বীকার করে বলেছেন, তাঁর মুঠোফোনে থাকা নথিপত্র দেখানোর সুযোগই তাঁকে দেওয়া হয়নি। ফোনটি কর্তৃপক্ষ জব্দ করেছিল।

মুম্বাই পুলিশের আদালতে দেওয়া বক্তব্য অনুযায়ী, সাহিদাকে আসামে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়। পরে নির্ধারিত প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথিতে বলা হয়েছে, ওই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে বহিষ্কার করা হয়েছিল। তবে সাহিদার পরিবারের করা আবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে নাগরিকত্ব নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় না। গত আগস্টে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে তাঁদের যুক্তি, কোনো যাচাইহীন প্রশাসনিক দাবির ভিত্তিতে একজনকে দেশ থেকে বের করে দেওয়া যায় না।

সাতক্ষীরায় বাংলাদেশি এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছেন সাহিদা। ২ নভেম্বর ২০২৬, সাতক্ষীরা

  • সাতক্ষীরায় বাংলাদেশি এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছেন সাহিদা। ২ নভেম্বর ২০২৬, সাতক্ষীরা, ছবি: রয়টার্স

সাহিদার স্বামী জুম্মন ফকির বর্তমানে আদালতে মামলাটি লড়ছেন। পরিবারের আবেদনে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম না থাকা নাগরিকত্ব হারানোর প্রমাণ নয়। এ ছাড়া ভারতীয় আইন অনুযায়ী, নাগরিকদের সব সময় সঙ্গে পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক নয়।

রয়টার্স জানিয়েছে, সাহিদার মতো আরও কয়েকটি পরিবারের সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। সংস্থাটি এমন ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে, যাঁদের স্বজনদের নাম এসআইআর চলাকালে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আটক, জিজ্ঞাসাবাদ বা দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের কাছে ভারতীয় পরিচয়পত্র কিংবা পারিবারিক নথি ছিল। তাঁদের মা-বাবা, ভাইবোনসহ অন্য আত্মীয়দের নামও ভারতের ভোটার তালিকায় বহাল রয়েছে।

ভোটার তালিকা সংশোধন ও অভিবাসী বহিষ্কারের বিষয়টি যে রাজনৈতিকভাবে একসূত্রে গাঁথা হচ্ছে, তার ইঙ্গিত মিলেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে। গত ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, বিজেপির সংকল্প হচ্ছে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং পরে একে একে খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করা।

বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে ধরপাকড়ের ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে পশ্চিমবঙ্গে। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। এতে বহু পরিবার ও সম্প্রদায়ের আত্মীয়স্বজন সীমান্তের দুই পাশে ছড়িয়ে পড়েন। ফলে নাগরিকত্ব, বসবাস ও পারিবারিক শিকড়ের প্রশ্নটি এ অঞ্চলে জটিল হয়ে উঠেছে।

এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক বিতর্ক ও বিক্ষোভ হয়েছে। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন বিজেপি নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী ভোটার তালিকা সাজানোর চেষ্টা করছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি। সাবার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ রয়টার্সকে বলেন, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে মানুষের অসন্তোষের বিষয়টি অস্বীকার করা যায় না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। ওই নির্বাচনে বিজেপি জয়ী হয়ে প্রথমবারের মতো রাজ্যটির ক্ষমতায় আসে।

চাচা আনোয়ার গাজী সাহিদার বাবা ও দাদার কবর দেখাচ্ছেন। ৩১ অক্টোবর ২০২৬, স্বরূপনগর, পশ্চিমবঙ্গ

  • চাচা আনোয়ার গাজী সাহিদার বাবা ও দাদার কবর দেখাচ্ছেন। ৩১ অক্টোবর ২০২৬, স্বরূপনগর, পশ্চিমবঙ্গ, ছবি: রয়টার্স

শুধু সাহিদা নন, ভোটার তালিকায় নাম না থাকার কারণে আটক হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা নাসিরুদ্দিন শেখও। পেশায় বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিনের দাবি, কাজের জন্য ছত্তিশগড়ে অবস্থানকালে পুলিশ তাঁকে এবং আরও ২২ জনকে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়ার পর ১৪ জনসহ মোট ১৯ জনকে ১৪ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় নাসিরুদ্দিন ও আরও তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়।

নাসিরুদ্দিন বলেন, একজন পুলিশ সদস্য তাঁকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।’ আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাঁকেও মুক্তি দেওয়া হয়। আটকে রাখার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, সেখানে একটি বড় হলরুমে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধনের পর ভেতরে রাখা হতো। বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না।

রয়টার্সের প্রতিবেদকেরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি অস্থায়ী আটককেন্দ্রও পরিদর্শন করেছেন। সেখানে জানালা দিয়ে মানুষকে উঁকি দিতে এবং ভেতরে কাপড় ঝুলতে দেখেছেন তাঁরা। কেন্দ্রটির চারপাশে ছিল কড়া নিরাপত্তা। সেখানে একটি অ্যাম্বুলেন্স ও পুলিশের ঢেকে রাখা একটি গাড়িও দেখা গেছে। আটককেন্দ্রটির বিপরীতে বসবাসকারী মৌসুমী রায় রয়টার্সকে বলেন, প্রায় দুই মাস আগে তিনি সেখানে মানুষকে নিয়ে আসতে এবং বাইরে তাঁদের স্বজনদের কান্নাকাটি করতে দেখেছেন।

তবে পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই বলে কলকাতা হাইকোর্টে দাবি করেছেন পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আটক ব্যক্তিদের অবস্থান ও তাঁদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে এ ধরনের বক্তব্যের পাশাপাশি রয়টার্সের সরেজমিন পর্যবেক্ষণ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা ও আপিল বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন মানবাধিকারকর্মী কিরীটি রায়। তাঁর অভিযোগ, ট্রাইব্যুনালগুলো ধীরগতিতে কাজ করায় ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন না। তিনি বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা ঝুলে আছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। ট্রাইব্যুনালগুলোর কাজের গতি খুবই ধীর। যা ঘটছে তাতে আমরা পুরোপুরি হতাশ।’

এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কোনো সাড়া দেয়নি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্সের অনুসন্ধানে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, নাগরিকত্ব যাচাই এবং বহিষ্কার অভিযানের মধ্যে সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে বিদেশি নাগরিক হওয়ার প্রমাণ হিসেবে বিবেচনা করা হলে বৈধ নাগরিকদেরও আটক বা বহিষ্কারের ঝুঁকি তৈরি হতে পারে। সাহিদা ফকির ও নাসিরুদ্দিন শেখের অভিজ্ঞতা সেই আশঙ্কাকেই সামনে এনেছে।

১

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

২

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

৩

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৪

‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

৫

পানির ন্যায্য পাওনা নিয়ে কখনও সুষ্ঠু ব্যবস্থা করেনি ভারত: রিজভী

৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

৭

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১১

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন

১২

দশম শিরোপার অপেক্ষায় ভারত, ইতিহাস গড়তে চায় পাকিস্তান

১৩

ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

১৪

পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

১৫

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }