বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক। একই তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ উদ্যোগে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি গবেষকদের প্রকাশনা, সাইটেশনসহ বিভিন্ন গবেষণা-প্রভাব সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া জাবির ১০ গবেষক হলেন অধ্যাপক এ এ মামুন (২৪১), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১,৮৯০), এম শামীম কায়সার (৫,৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮,৫১০) এবং আবু বকর সিদ্দিক (৮,৭৫৫)।
গবেষকদের বৈজ্ঞানিক অবদান ও গবেষণার প্রভাব মূল্যায়নে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা, সাইটেশন, এইচ-ইনডেক্স, সহলেখকদের গবেষণাগত প্রভাবসহ একাধিক সূচক বিবেচনা করা হয়। এ তালিকায় গবেষকদের দীর্ঘমেয়াদি এবং নির্দিষ্ট বছরের গবেষণার প্রভাবের পৃথক মূল্যায়নও রয়েছে।
এ বিষয়ে জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া তাঁদের গবেষণাকর্ম ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের গবেষকদের গবেষণায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে। তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তাঁদের গবেষণার মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম আরও বাড়বে।