চীনের ৩৪৩ প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ছয় বছরে ১১ কোটি ২৪ লাখ ডলারের ই-রিকশা, ব্যাটারি ও যন্ত্রাংশ আমদানি; পুরোনো ব্যাটারির ৮০ শতাংশ পুনর্ব্যবহার হচ্ছে অনানুষ্ঠানিক ও অবৈধ স্থাপনায়
ঢাকার পশ্চিমে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম। কৃষিজমি ও বসতবাড়ির পাশে গড়ে উঠেছে তানভির এন্টারপ্রাইজ নামের একটি ব্যাটারি রিসাইক্লিং কারখানা। এখানে বাতিল ব্যাটারি ভেঙে সিসা আলাদা করা হয়। কারখানার চিমনি থেকে বের হওয়া ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ধোঁয়ায় ঢেকে যায় গ্রামের আকাশ।
শহর ও মফস্বলের সড়কে যাত্রী বহন করা ব্যাটারিচালিত রিকশা কিংবা ইজিবাইকের ব্যাটারির আয়ু একসময় শেষ হয়। কিন্তু ব্যাটারির ব্যবসা তখনই শেষ হয় না। পুরোনো ব্যাটারি বিক্রি হয়, ভাঙা হয়, আলাদা করা হয় এর ভেতরের উপাদান। উদ্ধার করা সিসা আবার নতুন পণ্যের কাঁচামাল হয়ে ওঠে। এই পুরো প্রক্রিয়ায় তৈরি হওয়া ধোঁয়া, বিষাক্ত বর্জ্য ও দূষণ নিয়ে উদ্বিগ্ন চারিগ্রামের বাসিন্দারা।
স্থানীয় দেড় শতাধিক মানুষ কারখানার ধোঁয়া বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। তাঁদের অভিযোগ, ধোঁয়ায় চোখ ও গলা জ্বলে, কাশি হয়, বমিভাব ও পেটব্যথায় ভোগেন অনেকে। কৃষকেরা বলছেন, ফসলের ফলন কমছে। গবাদিপশুর অসুস্থতা ও মৃত্যুর ঘটনাও ঘটছে বলে তাঁদের দাবি।
তবে কারখানাটির ব্যবস্থাপক মো. হাবিবের বক্তব্য, তাঁরা নিয়ম মেনেই কারখানা পরিচালনা করছেন।
অনুসন্ধানে দেখা গেছে, তানভির এন্টারপ্রাইজের নাম পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত সিসা রিসাইক্লিং কারখানার তালিকায় নেই। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তালিকায় প্রতিষ্ঠানটির নাম রয়েছে। দুই দপ্তরের নথিতে এই ভিন্নতা কারখানাটির পরিবেশগত অনুমোদন ও তদারকি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ব্যাটারি রিসাইক্লিংয়ের এই ব্যবসার পেছনে রয়েছে আরও বড় সরবরাহব্যবস্থা। ই-রিকশা ও ইজিবাইকের কাঠামো, ব্যাটারির প্লেট, খোলস, মোটর, কন্ট্রোলার, চার্জার থেকে শুরু করে নানা যন্ত্রাংশ আসছে চীন থেকে। আমদানি-রপ্তানির নথি বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চীনের ৩৪৩টি প্রতিষ্ঠান বাংলাদেশে এসব পণ্য সরবরাহ করেছে। বাংলাদেশের ৪৪০টি আমদানিকারক প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। এই সময়ে রপ্তানিমূল্য প্রায় ১১ কোটি ২৪ লাখ ডলার।
অর্থাৎ, ব্যাটারিচালিত যানবাহনের বাজার যত বড় হচ্ছে, ততই বাড়ছে ব্যাটারি ও যন্ত্রাংশের আমদানি। আর ব্যবহারের মেয়াদ শেষ হলে সেই ব্যাটারি প্রবেশ করছে সংগ্রহ, ভাঙা ও সিসা উদ্ধারের আরেকটি ব্যবসায়িক চক্রে।
ব্যাটারি বদলায়, বর্জ্য জমে
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা পিওর আর্থ বাংলাদেশের পুরোনো ব্যাটারি থেকে ছড়িয়ে পড়া সিসাদূষণ নিয়ে কাজ করছে। সংস্থাটির ২০২৬ সালের প্রকাশনায় দেশে প্রায় ৪০ লাখ বৈদ্যুতিক ত্রিচক্রযান সচল থাকার কথা বলা হয়েছে। একই প্রকাশনায় বছরে প্রায় ১ লাখ ৬৭ হাজার মেট্রিক টন সিসা-বর্জ্য তৈরি হওয়ার একটি হিসাব দেওয়া হয়েছে। তবে এই হিসাবের ভিত্তি আলাদা। এতে ২০ লাখ ইজিবাইক, প্রতিটিতে পাঁচটি ব্যাটারি এবং প্রতি সেটে মোট ১২৫ কেজি সিসা থাকার অনুমান করা হয়েছে। ব্যাটারি বদলের সময় ধরা হয়েছে দেড় বছর পরপর।
প্রকাশনাটিতে আবার ইজিবাইকের এক সেট ব্যাটারির আয়ুষ্কাল ৮ থেকে ১১ মাস বলা হয়েছে। বর্জ্যের হিসাব তৈরিতে দেড় বছর ধরে নেওয়া হয়েছে। এই পার্থক্য গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটারি কত দিন ব্যবহার হচ্ছে, তার ওপর বছরে কত বর্জ্য তৈরি হবে, সেই হিসাবও নির্ভর করে।
ব্যাটারি বিক্রেতা, চালক ও গ্যারেজকর্মীদের সঙ্গে কথা বলে ব্যাটারির আয়ু সম্পর্কে ভিন্ন অভিজ্ঞতা পাওয়া গেছে। তাঁদের কাছে সিসা-অ্যাসিড ব্যাটারি প্রধানত দুটি নামে পরিচিত—পানির ব্যাটারি ও পাউডার ব্যাটারি।
কাঁঠালবাগানের এক গ্যারেজ তত্ত্বাবধায়কের মতে, একটি ব্যাটারি দেড় বছর পর্যন্ত চলে। সাভারের কয়েকজন বিক্রেতা জানিয়েছেন, তাঁদের বিক্রি করা ব্যাটারি দেড় থেকে দুই বছর ব্যবহার করা যায়। কারওয়ান বাজারের এক বিক্রেতার দাবি, তাঁর বিক্রি করা ব্যাটারি সাধারণত দুই বছর টেকে।
চালক, গ্যারেজকর্মী ও বিক্রেতারা পানির ব্যাটারি বলতে সাধারণত ফ্লাডেড লেড-অ্যাসিড ব্যাটারি বোঝান। তাঁদের অভিজ্ঞতায়, এগুলো এক থেকে দেড় বছর চলে। পাউডার ব্যাটারিও সিসা-অ্যাসিড ব্যাটারি, তবে এতে সিসার পেস্ট ব্যবহৃত হয়। এ ধরনের ব্যাটারির আয়ুষ্কাল সাধারণত ৮ থেকে ১২ মাস বলে তাঁদের বক্তব্য।
ব্যাটারির মান, ধরন ও ব্যবহারের ওপর এর আয়ু নির্ভর করে। তবে বাজারে পাউডার ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার অভিযোগও রয়েছে। কলাবাগানের এক রিকশামালিক জানান, পুরোনো সেট জমা দিয়ে অতিরিক্ত ১৩ হাজার টাকা দিয়ে নতুন ব্যাটারি কিনেছিলেন। সেটিতে কোনো গ্যারান্টি ছিল না। তাঁর দাবি, কোনো কোনো সেট এক মাসও টেকেনি।
কাঁঠালবাগানের এক রিকশা মেরামতকারীর অভিযোগ, পুরোনো ব্যাটারি নতুন মোড়কে বিক্রি করা হয়। চালকেরা তা বুঝতে পারেন না। ফলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়।
ব্যাটারির ধরন ও দামের ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। কলাবাগানের এক গ্যারেজ মালিক পাউডার ব্যাটারির এক সেটের দাম জানিয়েছেন ২৬ হাজার টাকা, যার সঙ্গে তিন মাসের গ্যারান্টি ছিল। আরেকজন বলেছেন, তাঁর বিক্রি করা সেটের দাম ২৪ হাজার টাকা। পানির ব্যাটারির সেটের দাম কেউ বলেছেন ৪৫ হাজার, কেউ ৬০ হাজার টাকা।
পুরোনো ব্যাটারি জমা দিয়ে অতিরিক্ত টাকা যোগ করে নতুন সেট নেওয়ার বাজারও রয়েছে। অর্থাৎ গাড়ি সচল রাখতে মালিক বা চালককে বারবার ব্যাটারি কিনতে হয়। আর বাতিল ব্যাটারি চলে যায় সংগ্রহকারী ও রিসাইক্লিং ব্যবসায়ীদের হাতে।
বাতিল ব্যাটারিতেও লাভ
বাতিল ব্যাটারিরও বাজারদর আছে। কারওয়ান বাজারে প্রতি কেজি পুরোনো ব্যাটারির দাম ৮০ থেকে ৯৫ টাকা, কাঁঠালবাগানে প্রায় ১০০ টাকা এবং সাভারে ১২০ থেকে ১৬০ টাকা পাওয়া গেছে। কলাবাগানে নষ্ট পাউডার ব্যাটারির জন্য প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা দাম চাওয়া হয়েছে। এই ব্যাটারির ভেতরে থাকে পুনরুদ্ধারযোগ্য সিসা। সেই উপাদান আলাদা করার একটি ধাপ দেখা গেছে কেরানীগঞ্জে। ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে খোলা ও আংশিক ছাউনির একটি জায়গায় সারি করে রাখা ছিল ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারি। পাশে পড়ে ছিল ভাঙা খোলস ও টুকরো।
সেখানে আটজনের মতো শ্রমিক ব্যাটারির খোলস ভেঙে প্লাস্টিক ও ভেতরের উপাদান আলাদা করছিলেন। কালচে ছাইয়ের মতো পদার্থ বালতিতে জমা করছিলেন তাঁরা। কারও পায়ে রাবারের বুট থাকলেও কয়েকজনকে খালি হাতে ওই পদার্থ ধরতে দেখা গেছে। একজন শ্রমিক খোলা ব্যাটারির খোলস পানিতে ধুচ্ছিলেন। কাজের জায়গাজুড়ে ছড়িয়ে ছিল ভাঙা প্লাস্টিক ও ব্যাটারির টুকরো।
উদ্ধার করা উপাদান নিয়ে যাওয়ার জন্য সেখানে একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। শ্রমিকেরা জানান, সেটি যাবে কামরাঙ্গীরচরে। তবে পর্যবেক্ষণ থেকে ওই পণ্যের পরবর্তী কারখানা বা ক্রেতাকে শনাক্ত করা যায়নি।
বাতিল ব্যাটারি সংগ্রহ হওয়া মানেই তা নিরাপদে পুনর্ব্যবহার হচ্ছে, এমন নয়। পিওর আর্থের ২০২৬ সালের ‘দ্য সার্কুলার ইকোনমি অব লেড অ্যাসিড ব্যাটারিজ ইন বাংলাদেশ’ প্রকাশনা অনুযায়ী, ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারির ৮০ শতাংশই অবৈধ ও অনানুষ্ঠানিক স্থাপনায় পুনর্ব্যবহার করা হয়।
প্রকাশনাটিতে বলা হয়েছে, কর ও পরিবেশগত নিয়ম এড়িয়ে চলায় অনানুষ্ঠানিক রিসাইক্লিং সেন্টার পরিচালনার ব্যয় কম। তারা দ্রুত ও কম খরচে ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ করতে পারে। অন্যদিকে, নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলোকে পরিবহন, সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় বাড়তি অর্থ ব্যয় করতে হয়। ফলে বৈধ ও পরিবেশসম্মত প্রতিষ্ঠানের সঙ্গে অনানুষ্ঠানিক ব্যবসায়ীদের প্রতিযোগিতায় অসমতা তৈরি হয়।
ব্যাটারির ভেতরে বড় আমদানি-বাণিজ্য
আমদানি-রপ্তানির নথি বিশ্লেষণে দেখা গেছে, চীন থেকে আসা পণ্যের মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যাটারির উপকরণ। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব পণ্যের রপ্তানিমূল্য প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার, যা সংশ্লিষ্ট মোট রপ্তানির ৭২ দশমিক ২ শতাংশ। চীনের অন্তত ২৯২টি কোম্পানি বাংলাদেশে ব্যাটারির বিভিন্ন অংশ ও উপকরণ সরবরাহ করেছে। এর মধ্যে রয়েছে পজিটিভ ও নেগেটিভ প্লেট, প্লেট-জ্যাকেট, প্লাস্টিকের খোলস, কভার ও সেপারেটর।
বড় চীনা সরবরাহকারীদের একটি শাওশিং নোসিমন মেশিনারি। সাড়ে ছয় বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ ১২ হাজার ডলারের ব্যাটারি উপকরণ আমদানির তথ্য পাওয়া গেছে। বাংলাদেশে এর ক্রেতা হিসেবে রয়েছে আর আর ইন্টারন্যাশনাল, এমএসআরকে ইন্টারন্যাশনাল ও আরকে পাওয়ার। প্রতিষ্ঠান তিনটির আমদানিমূল্য যথাক্রমে প্রায় ৬৮ লাখ ২১ হাজার, ৪২ লাখ ৯৬ হাজার ও ১৫ লাখ ৯৫ হাজার ডলার।
আরেক সরবরাহকারী জিয়াশিং হংগুয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশে প্রায় ৬৬ লাখ ডলারের ব্যাটারি উপকরণ পাঠিয়েছে। এর মধ্যে সিসা-অ্যাসিড ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্লেটও রয়েছে। এই কোম্পানির বাংলাদেশি ক্রেতাদের মধ্যে আল জারা করপোরেশন প্রায় ৩৪ লাখ ১৪ হাজার ডলারের উপকরণ আমদানি করেছে। এ ছাড়া এইচবিসি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ প্রায় ১৬ লাখ ৮৯ হাজার, সিনহা ট্রেডিং আট লাখ এবং এইচবিসি হাই পাওয়ার প্রায় চার লাখ ৫৮ হাজার ডলারের উপকরণ আমদানি করেছে।
ব্যাটারির উপকরণের পাশাপাশি চীন থেকে আসছে ব্যাটারিচালিত তিন চাকার যান। এসবের অনেকগুলো আসে ব্যাটারি ছাড়া, দেশে সংযোজনের জন্য খুলে রাখা যন্ত্রাংশের সেট হিসেবে। এ ধরনের পণ্যকে বলা হয় সিকেডি। আবার ব্যাটারি ছাড়া সম্পূর্ণ সংযোজিত ইজিবাইকও আমদানি হচ্ছে।
আমদানি-রপ্তানির নথিতে এ ধরনের ইজিবাইকের ৫৪৬টি চালান পাওয়া গেছে। এগুলোর রপ্তানিমূল্য প্রায় ২ কোটি ৪৫ লাখ ১১ হাজার ডলার। পণ্যগুলো রপ্তানি করেছে ৫৭টি কোম্পানি; বাংলাদেশে আমদানিতে যুক্ত ছিল ৯৩টি প্রতিষ্ঠান।
তবে এই বাণিজ্যের বড় অংশ এসেছে দুটি চীনা প্রতিষ্ঠান থেকে—লাংফাং স্যানডি ইলেকট্রিক ট্রাইসাইকেল ও নিংবো ডোয়েডো ইন্টারন্যাশনাল ট্রেড। নথি অনুযায়ী, বাংলাদেশের ইজিবাইক আমদানির মোট মূল্যের প্রায় ৮৭ শতাংশ এসেছে এই দুই কোম্পানির কাছ থেকে। এর মূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ ৬২ হাজার ডলার।
স্যানডির নামে ২৬৯টি চালানের তথ্য পাওয়া গেছে, যার মূল্য প্রায় ১ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ডলার। প্রতিষ্ঠানটির বড় বাংলাদেশি ক্রেতা আলিনা অটো বাইক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি স্যানডি থেকে প্রায় ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার ডলারের ইজিবাইক আমদানি করেছে।
নিংবো ডোয়েডো প্রায় ৬৬ লাখ ৬৯ হাজার ডলারের ইজিবাইক রপ্তানি করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রায় চার লাখ ১৪ হাজার ডলারের ব্যাটারি উপকরণও পাঠিয়েছে। স্যানডি ব্যাটারি ছাড়া তিন ও পাঁচ আসনের ইজিবাইক সিকেডি অবস্থায় রপ্তানি করেছে। ডোয়েডোও ব্যাটারি ছাড়া পাঁচ আসনের ইজিবাইক পাঠিয়েছে। তাদের একটি চালানে ব্যাটারি ছাড়া তিন আসনের সম্পূর্ণ সংযোজিত ইজিবাইক পাঠানোর তথ্যও পাওয়া গেছে।
মোটর, কন্ট্রোলার, চার্জারও আসছে চীন থেকে
ইজিবাইক ও ব্যাটারির পাশাপাশি মোটর, কন্ট্রোলার, চার্জার, অ্যাক্সেল, শক অ্যাবজর্বার ও ব্রেকের অংশও সরবরাহ করছে চীনা কোম্পানিগুলো। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ছয়টি কোম্পানি বাংলাদেশে প্রায় ১৩ লাখ ৫২ হাজার ডলারের বৈদ্যুতিক যন্ত্রাংশ পাঠিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ওয়েইহাই সিলন ইন্টারন্যাশনাল, সাংহাই জিয়ামেং ইন্টারন্যাশনাল ট্রেডিং, উক্সি সিনো ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট, তাইঝৌ ফুলাইক্সি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট, হেবেই ডিনিউ ট্রেড ও গুয়াংঝৌ কোলানবো ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট।
একই সময়ে চারটি প্রতিষ্ঠান অ্যাক্সেল, শক অ্যাবজর্বার, ব্রেকসহ অন্যান্য যন্ত্রাংশের প্রায় ৫৪ লাখ ১৮ হাজার ডলারের পণ্য সরবরাহ করেছে। তালিকায় রয়েছে ওয়েইহাই সিলন, গুয়াংঝৌ কোলানবো, শিজিয়াঝুয়াং ঝুওরু ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ও লিজিনজি ট্রেড। আগের তালিকার দুটি প্রতিষ্ঠানসহ মোট সরবরাহকারী আটটি।
যন্ত্রাংশের হিসাবে সবচেয়ে বড় সরবরাহকারী ওয়েইহাই সিলন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ই-রিকশা ও ইজিবাইক শিল্পে প্রায় ৬৪ লাখ ৭৮ হাজার ডলারের যন্ত্রাংশ পাঠিয়েছে। এর মধ্যে মোটর, কন্ট্রোলার ও চার্জারের মতো বৈদ্যুতিক যন্ত্রাংশের মূল্য প্রায় ১১ লাখ ৫৫ হাজার ডলার। অ্যাক্সেল, শক অ্যাবজর্বার, ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশের মূল্য প্রায় ৫৩ লাখ ২২ হাজার ডলার। এই দ্বিতীয় অংশের প্রায় ৫২ লাখ ৫০ হাজার ডলারের পণ্য এনেছে নিউগ্রামীণ মোটর্স। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এইচ পাওয়ার নামে ব্যাটারিচালিত মিশুক ও ইজিবাইক বিক্রি করে।
ওয়েইহাই সিলন ও গুয়াংঝৌ কোলানবো কন্ট্রোলার, চাকার অ্যাক্সেল ও ব্রেকের অংশ সরবরাহ করেছে। ব্রেকের অংশ পাঠিয়েছে শিজিয়াঝুয়াং ঝুওরু। পাঁচটি কোম্পানি থেকে এসেছে চার্জার—ওয়েইহাই সিলন, সাংহাই জিয়ামেং, তাইঝৌ ফুলাইক্সি, হেবেই ডিনিউ ও উক্সি সিনো। হেবেই ডিনিউ ছাড়া বাকি চারটি কোম্পানি কনভার্টারও পাঠিয়েছে। চীন থেকে শুধু ইজিবাইকের কাঠামো বা ব্যাটারি নয়, যান তৈরি, সংযোজন, চার্জ ও সচল রাখার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের সরবরাহব্যবস্থাও গড়ে উঠেছে।
সাড়ে ছয় বছরে ১১ কোটি ডলারের বেশি বাণিজ্য
আমদানি-নথি অনুযায়ী, ২০২০ সালেই চীন থেকে ই-রিকশা, ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের প্রায় ২ কোটি ৭২ লাখ ডলারের পণ্য বাংলাদেশে এসেছে। ২০২১ সালে এসেছে আরও প্রায় ২ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য। পরবর্তী বছরগুলোতে সরবরাহের পরিমাণ ওঠানামা করেছে। ২০২২ সালে প্রায় ১ কোটি ২৯ লাখ ডলার, ২০২৩ সালে প্রায় ৭৪ লাখ ডলার, ২০২৪ সালে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার এবং ২০২৫ সালে প্রায় ১ কোটি ২৯ লাখ ডলারের পণ্য এসেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই আমদানির মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ডলারে পৌঁছেছে।
সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক তিন চাকার যান সরবরাহের মূল্য বেড়েছে। চীনের রপ্তানিকারকেরা ২০২৪ সালে বাংলাদেশে প্রায় ৪৫ লাখ ১ হাজার ডলারের এসব যান পাঠিয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে হয় ৫০ লাখ ৩০ হাজার ডলার। আর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই সরবরাহের মূল্য দাঁড়িয়েছে ৭৫ লাখ ৭৯ হাজার ডলার, যা আগের পুরো বছরের তুলনায় প্রায় ৫০ দশমিক ৭ শতাংশ বেশি।
এই বাণিজ্যে চীনা কোম্পানিগুলোর ভূমিকা শুধু যানবাহনের কাঠামো সরবরাহে সীমিত নয়। লাংফাং স্যানডি ও নিংবো ডোয়েডো সরবরাহ করেছে বৈদ্যুতিক তিন চাকার যান। শাওশিং নোসিমন ও জিয়াশিং হংগুয়ান পাঠিয়েছে ব্যাটারির প্লেট ও অন্যান্য উপকরণ। ওয়েইহাই সিলনসহ অন্য সরবরাহকারীরা জুগিয়েছে মোটর, কন্ট্রোলার, চার্জার ও অ্যাক্সেল। বাংলাদেশের আমদানিকারকদের মাধ্যমে এসব পণ্য ই-রিকশা ও ইজিবাইক তৈরি, সংযোজন ও সচল রাখার বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশে চীনা মালিকানার ব্যাটারি কারখানা
আমদানির বাইরেও বাংলাদেশে ব্যাটারি উৎপাদনে চীনা ব্যবসায়ীদের উপস্থিতি রয়েছে। সিঙ্গাইরের তানভির এন্টারপ্রাইজ থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে ধামরাইয়ের বেলিশ্বরে রয়েছে জিয়াংসু স্টোরেজ ব্যাটারি (বিডি) কোম্পানি লিমিটেড। সিসার ব্যাটারি উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের মালিকানায় কয়েকজন চীনা নাগরিক রয়েছেন।
সেপ্টেম্বরে কারখানাটিতে গিয়ে দেখা যায়, স্টিলের ফটকে ইংরেজিতে কোম্পানির নাম হাতে লেখা। চারপাশে কৃষিজমি। নীল টিন দিয়ে ঘেরা কারখানার চিমনি থেকে ঘন কালচে ধোঁয়া বের হচ্ছিল।
কারখানার ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যায়নি। সীমানার বাইরের নিচু জমিতে পানি, আগাছা ও জলজ উদ্ভিদ দেখা গেছে। কিছু উদ্ভিদ মরে ছিল।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কারখানাটির সনদের মেয়াদ ২০২৭ সালের ৩ মার্চ পর্যন্ত। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পাওয়া নথিতে সিসার ব্যাটারি উৎপাদনের অনুমোদন দেওয়ার তারিখ ২০২০ সালের ২৭ জুলাই এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২১ সালের ২৬ জুলাই উল্লেখ রয়েছে। এরপর ছাড়পত্র নবায়ন হয়েছে কি না, পাওয়া নথি থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।
তানভির এন্টারপ্রাইজের ক্ষেত্রেও দুই দপ্তরের নথিতে ভিন্নতা দেখা গেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তালিকায় প্রতিষ্ঠানটির নাম থাকলেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত সিসা রিসাইক্লিং কারখানার তালিকায় নাম নেই। ওই তালিকায় চারটি প্রতিষ্ঠানের নাম রয়েছে।
ব্যাটারি উৎপাদন ও ব্যবহারের বাজার যত বিস্তৃত হচ্ছে, পুরোনো ব্যাটারি সংগ্রহ ও নিরাপদে পুনর্ব্যবহারের প্রয়োজনও তত বাড়ছে। একটি ইজিবাইক বহু বছর চললেও একই ব্যাটারি দিয়ে পুরো সময় চালানো যায় না। ফলে প্রতিটি যানবাহনের সঙ্গে যুক্ত হচ্ছে একাধিকবার ব্যাটারি বদলের প্রয়োজন এবং পুরোনো ব্যাটারি থেকে সিসা-বর্জ্য তৈরির ঝুঁকি।
চীনা উৎপাদকদের ঝোঁক লিথিয়াম ব্যাটারিতে
বাংলাদেশে চীনা মালিকানার কারখানায় সিসা-অ্যাসিড ব্যাটারি তৈরি হলেও চীনের কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁদের ব্যবসায় এখন লিথিয়াম ব্যাটারির গুরুত্ব বাড়ছে। হংকং ইলেকট্রনিক্স ফেয়ারে কথা বলা কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধির ভাষ্য, সিসা-অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারির বাজারে তাঁরা বেশি মনোযোগ দিচ্ছেন।
তবে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় সিসা-অ্যাসিড ব্যাটারির ক্রেতা থাকার কথা তাঁদের কেউ নিশ্চিত করেননি। তাঁদের বক্তব্য, কম আয়ের বাজারে কম দাম গুরুত্বপূর্ণ হওয়ায় সিসা-অ্যাসিড ব্যাটারির চাহিদা এখনো রয়েছে। মেলায় অংশ নেওয়া হেবেই তিয়ানি ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স কোম্পানির আন্তর্জাতিক ব্যবসা পরিচালক শন দাই বলেন, তাঁদের একটি ভালভ-নিয়ন্ত্রিত সিসা ব্যাটারি রয়েছে, যা বিদ্যুৎ সঞ্চয়ের জন্য তৈরি; ইজিবাইক বা ই-রিকশার জন্য নয়।
দাইয়ের মতে, চীনে দূষণ নিয়ন্ত্রণের শর্ত কঠোর হওয়ার পর প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের খরচ বেড়েছে। ফলে ছোট উৎপাদকদের জন্য সিসা-অ্যাসিড ব্যাটারি তৈরি করা কঠিন হয়ে পড়েছে। তাঁর দাবি, এখন মূলত বড় নির্মাতারাই এ ধরনের ব্যাটারি উৎপাদন করছে।
নিংবো উইজডম ইউনিয়ন ইন্টারন্যাশনাল লজিস্টিকস কোম্পানির ব্যবসা ব্যবস্থাপক লেভি লিন জানান, রপ্তানি নথিতে শুল্ক ছাড়, প্যাকেজিং, লেবেলিং ও পরিবহন-নিরাপত্তার বিষয় থাকে। তবে পণ্যের ব্যবহার শেষে বর্জ্য কীভাবে সামলানো হবে, সে বিষয়ে রপ্তানিকারকদের আলাদা শর্ত পূরণ করতে হয়—এমন নিয়ম তাঁর জানা নেই।
শন দাইয়ের ভাষ্য, বড় ব্যাটারি উৎপাদকদের নিজস্ব রিসাইক্লিং ব্যবস্থা থাকে অথবা তারা এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ব্যাটারি থেকে উদ্ধার করা ধাতু চীনে ফিরিয়ে নেওয়াও ব্যয়বহুল। তাই যে দেশে সিসা উদ্ধার করা হয়, সেখানেই তা উৎপাদনে আবার ব্যবহার করা হয়।
চীনের পরিবেশ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দেশটি কঠিন বর্জ্য আমদানি নিষিদ্ধ করেছে। তবে এই নিষেধাজ্ঞার আওতায় ব্যাটারি থেকে উদ্ধার করা ধাতুও পড়ে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
দাই বলেন, বিদেশে রপ্তানি করা সিসা-অ্যাসিড ব্যাটারির ব্যবহার শেষে সংগ্রহ বা পুনর্ব্যবহার নিশ্চিত করার বাধ্যতামূলক চীনা নীতির কথা তাঁর জানা নেই। উৎপাদকদের জন্য কিছু সরকারি নির্দেশিকা থাকার কথা জানালেও তিনি সেগুলোর নাম বা বিস্তারিত বলতে পারেননি।
তবে চীনের ‘কঠিন বর্জ্যজনিত পরিবেশদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন’-এর ২০২০ সালে সংশোধিত ৬৬ ধারায় সিসা-অ্যাসিড ব্যাটারি উৎপাদকদের বিক্রির পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহৃত ব্যাটারি সংগ্রহের ব্যবস্থা গড়ে তোলার বাধ্যবাধকতা রয়েছে। নিজেরা অথবা অন্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে এই ব্যবস্থা পরিচালনা এবং এ-সংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশের কথাও বলা হয়েছে। তবে বিদেশে রপ্তানি করা ব্যাটারির ব্যবহার শেষে সংগ্রহ ও পুনর্ব্যবহারের দায়িত্ব কীভাবে পালন করতে হবে, তা ধারাটিতে স্পষ্ট নয়।
নিয়ম হয়েছে, বাস্তবায়ন কতটা
ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বিস্তারের সঙ্গে পুরোনো ব্যাটারি থেকে সিসাদূষণের ঝুঁকিও বাড়ছে। এই ব্যবসাকে নিয়মের আওতায় আনতে ২০২৬ সালের ২৯ অক্টোবর সিটি করপোরেশন এলাকায় ব্যাটারি রিকশা চলাচলের নতুন নিয়ম জারি করেছে সরকার। নতুন নিয়মে অনুমোদিত স্থানে ব্যাটারি চার্জ দেওয়ার কথা বলা হয়েছে। নতুন ব্যাটারি বিক্রির সময় বিক্রেতাকে পুরোনো ব্যাটারি ফেরত নেওয়ার শর্তও রয়েছে। পাশাপাশি বাতিল ব্যাটারি খোলা জায়গা, মাটি বা জলাশয়ে ফেলা এবং পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
তবে পুরোনো ব্যাটারি ফেরত নেওয়ার ব্যবসা আগে থেকেই চালু। চালক বা মালিক পুরোনো সেট জমা দিয়ে অতিরিক্ত টাকা যোগ করে নতুন ব্যাটারি কিনছেন। মূল প্রশ্ন হলো, ফেরত নেওয়া ব্যাটারি এরপর কার কাছে যাচ্ছে, কোথায় ভাঙা হচ্ছে এবং কীভাবে সিসা উদ্ধার করা হচ্ছে।
ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও পুনর্ব্যবহারের প্রতিটি ধাপে পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে অনানুষ্ঠানিক স্থাপনায় খোলা জায়গায় ব্যাটারি ভাঙা, খালি হাতে বিষাক্ত উপাদান স্পর্শ করা কিংবা বর্জ্য পানিতে ধোয়ার মতো চর্চা বন্ধ না হলে দূষণের ঝুঁকি থেকেই যাবে।
রিকশা ও ইজিবাইকের ব্যাটারি বদলে যানবাহন আবার চলতে শুরু করে। কিন্তু পুরোনো ব্যাটারি কোথায় যায়, কীভাবে ভাঙা হয় এবং উদ্ধার করা সিসা কোন পণ্যে ব্যবহৃত হয়—তার পূর্ণাঙ্গ নজরদারি না থাকলে এই ব্যবসার পরিবেশগত দায় আড়ালেই থেকে যাবে।
প্রতিবেদন: পলাশ দত্ত ও সেলিনা চেং। ছবি: মাহমুদ জামান অভি। অনুসন্ধানে সহায়তা করেছে পুলিৎজার সেন্টার।