ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হলে পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে একজন করে সমন্বয়ক নিয়োগ; হল সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত হিসেবে চিহ্নিত ১১৯ জনের জয় নিয়ে প্রশ্ন রাজনৈতিক পরিচয় প্রকাশ ও সাংগঠনিক স্বচ্ছতা নিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছেলেদের আবাসিক হলগুলোতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করে সমন্বয়কের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সর্বশেষ হল সংসদ নির্বাচনে সংগঠনটির আনুষ্ঠানিক প্যানেল না থাকলেও নির্বাচিত প্রতিনিধিদের বড় একটি অংশ শিবির-সমর্থিত হিসেবে পরিচিতি পেয়েছেন। এ নিয়ে রাজনৈতিক পরিচয় প্রকাশ, সাংগঠনিক কাঠামো এবং নির্বাচনী কৌশল নিয়ে শিক্ষার্থী ও প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে।
সমালোচকদের অভিযোগ, শিবির রাজনৈতিক পরিচয় আড়াল করে কখনো সাধারণ শিক্ষার্থী, কখনো সমন্বয়ক, আবার কখনো অরাজনৈতিক ব্যানারে কার্যক্রম চালায়। এতে শিক্ষার্থীরা প্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে বিভ্রান্ত হন। অন্যদিকে শিবির নেতারা বলছেন, তাঁদের কার্যক্রম প্রকাশ্য। কাজের পরিধি ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় ছোট কাঠামো রাখা হয়েছে; পূর্ণাঙ্গ হল কমিটি প্রকাশ না করার সঙ্গে পরিচয় গোপনের সম্পর্ক নেই।
ফলে প্রশ্ন উঠেছে, হলে পূর্ণাঙ্গ কমিটির বদলে সমন্বয়ক নিয়োগ কি সংগঠনটির সাংগঠনিক কৌশল, নাকি রাজনৈতিক পরিচয় আড়াল করে প্রভাব বিস্তারের পদ্ধতি? শিক্ষার্থীদের মধ্যেও এ বিষয়ে মতভেদ রয়েছে। কেউ একে গুপ্ত রাজনীতি বলছেন, কেউ দেখছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনটির কৌশলগত অবস্থান হিসেবে।
৩৬ দায়িত্বে ২৬ জন, একাধিক পদে ১০ নেতা
গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তালিকায় হল ও অনুষদভিত্তিক ১৮ জন সমন্বয়কের নাম রয়েছে। এর মধ্যে ১২টি আবাসিক হলের একজন করে এবং ছয়টি অনুষদ ও ইনস্টিটিউটের একজন করে সমন্বয়ক রয়েছেন। তবে হলগুলোর জন্য সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে ১৮টি সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। দুই তালিকা মিলিয়ে মোট দায়িত্বের সংখ্যা ৩৬। তবে প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা যায়, ১০ জন একাধিক দায়িত্ব পালন করছেন। ফলে ৩৬টি দায়িত্বের বিপরীতে স্বতন্ত্র দায়িত্বশীলের সংখ্যা ২৬।
একাধিক দায়িত্বে রয়েছেন আসিফ ইমাম, মো. তাওকির হাসান, আহসান হাবিব ইমরোজ, আশিক বিল্লাহ, রাশিদ হাসান সাফওয়ান, নুরুল ইসলাম সাবির, মো. মুসলিমুর রহমান, হাসানুল বানা, মো. রবিউল ইসলাম এবং মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)।
বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকীয় দায়িত্বের মধ্যে রয়েছে প্রচার ও মিডিয়া, বায়তুল মাল, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণ, ক্রীড়া, ছাত্র অধিকার, তথ্যপ্রযুক্তি, আন্তর্জাতিক কার্যক্রম, দাওয়াহ, স্কিল ডেভেলপমেন্ট, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও মানবাধিকার, সাহিত্য-সংস্কৃতি, প্রকাশনা, গবেষণা এবং ছাত্রকল্যাণ। এসব দায়িত্বের কয়েকটির সঙ্গে হল বা অনুষদ সমন্বয়কের দায়িত্বও যুক্ত হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, অফিস সম্পাদক আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাবির, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ, আইটি সম্পাদক হাসানুল বানা, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাবিক, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক রাশিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাহবুব আলম (মিরাজ)।
হল সমন্বয়কদের মধ্যে ফজলুল হক মুসলিম হলে মো. ইমামুল হাসান, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে মো. তাওকির হাসান, অমর একুশে হলে উবায়দুর রহমান হাসিব, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আহসান হাবিব ইমরোজ, বিজয় একাত্তর হলে আশিক বিল্লাহ, স্যার এ এফ রহমান হলে আব্দুল্লাহিল আববার, হাজী মুহম্মদ মুহসীন হলে রাশিদ হাসান সাফওয়ান, মাস্টারদা সূর্যসেন হলে মোহাম্মদ ইমরান, কবি জসীম উদ্দীন হলে মো. রুকন উদ্দিন, শেখ মুজিবুর রহমান হলে মুশফিক তাজওয়ার মাহির, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আসিফ ইমাম এবং সলিমুল্লাহ মুসলিম হলে আহমে ইবনে কালাম দায়িত্বে রয়েছেন।
অনুষদ ও ইনস্টিটিউট সমন্বয়কদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে নুরুল ইসলাম সাবির, ব্যবসায় শিক্ষা অনুষদে মো. মুসলিমুর রহমান, কলা অনুষদে হাসানুল বানা, আইন অনুষদে মো. জাকারিয়া, বিজ্ঞান অনুষদে মো. রবিউল ইসলাম এবং ইনস্টিটিউটে এস এম জাহিদুল আলম রয়েছেন।
প্যানেল ছিল না, তবু ১২ হলে ১১৯ জন নির্বাচিত
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবিরের আনুষ্ঠানিক হলভিত্তিক প্যানেল ছিল না। তবে নির্বাচন-পরবর্তী সময়ে ১২টি হল সংসদে ১১৯ জনকে শিবির-সমর্থিত হিসেবে চিহ্নিত করা হয়। তাঁদের মধ্যে অধিকাংশ হলেই ভিপি, জিএস ও এজিএস—শীর্ষ তিন পদে জয় পেয়েছেন শিবির-সমর্থিত প্রার্থীরা।
হলভিত্তিক ফলাফল বিশ্লেষণে স্যার এ এফ রহমান ও মাস্টারদা সূর্যসেন হলে ১২ জন করে শিবির-সমর্থিত প্রার্থীর বিজয়ের তথ্য পাওয়া যায়। হাজী মুহম্মদ মুহসীন ও কবি জসীম উদ্দীন হলে ১১ জন করে, বিজয় একাত্তর ও শেখ মুজিবুর রহমান হলে ১০ জন করে এবং সলিমুল্লাহ মুসলিম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও অমর একুশে হলে ৯ জন করে নির্বাচিত হয়েছেন। ফজলুল হক মুসলিম হলে এ সংখ্যা আট।
স্যার এ এফ রহমান হল সংসদের ১৩টি পদের মধ্যে ১২টিতে শিবির-সমর্থিত প্রার্থীরা জয়ী হন। ভিপি পদে রফিকুল ইসলাম রফিক, জিএস পদে হাবিবুল্লাহ হাবিব এবং এজিএস পদে আব্দুল্লাহ আল জুবায়ের নির্বাচিত হন। মাস্টারদা সূর্যসেন হল সংসদেও ১৩টি পদের মধ্যে ১২টিতে তাঁদের জয় আসে। সেখানে ভিপি আজিজুল হক, জিএস মোখলেছুর রহমান এবং এজিএস রিয়াজ উদ্দীন সাকিব নির্বাচিত হন।
হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে ১১ জন শিবির-সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। ভিপি ছাদিক হোসেন, জিএস রাফিদ হাসান সাফওয়ান এবং এজিএস মোহাম্মদ আবদুল মজিদ জয়ী হন। কবি জসীম উদ্দীন হল সংসদেও ১১ জনের জয় আসে। সেখানে ভিপি মুহাম্মদ ওসমান গনী, জিএস মাসুম আব্দুল্লাহ এবং এজিএস হিজবুল্লাহ আল হিজুল নির্বাচিত হন। বিজয় একাত্তর হলে ১০ জন শিবির-সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। ভিপি হাসানুল বান্না আরাফাত, জিএস আশিক বিল্লাহ এবং এজিএস ইমরান হোসাইন জয়ী হন।
শেখ মুজিবুর রহমান হল সংসদে ১০ জন শিবির-সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। ভিপি মো. মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিক তাজওয়ার মাহির জয়ী হন। ফজলুল হক মুসলিম হলে আটজন শিবির-সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। সেখানে ভিপি খন্দকার মো. আবু নাঈম, জিএস ইমামুল হাসান এবং এজিএস মহসিন উদ্দিন শাফী জয়ী হন।
সলিমুল্লাহ মুসলিম হল সংসদে শিবির-সমর্থিত নয়জন নির্বাচিত হন। ভিপি মো. জায়েদুল হক ও এজিএস শাহিন আলম শিবির-সমর্থিত হিসেবে পরিচিত হলেও জিএস নির্বাচিত হন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদমান আবদুল্লাহ। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে শিবির-সমর্থিত নয়জনের মধ্যে ভিপি তারেকুল ইসলাম তারেক, জিএস তাওকির হাসান ও এজিএস ইব্রাহিম খলিল রয়েছেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে শিবির-সমর্থিত নয়জন নির্বাচিত হন। ভিপি আহসান হাবিব ইমরোজ ও এজিএস ফারহাজ বিন নূর নিশান তাঁদের মধ্যে রয়েছেন। তবে জিএস পদে জয়ী হন ছাত্রশক্তি-সমর্থিত খালেদ হাসান। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে শিবির-সমর্থিত নয়জন নির্বাচিত হলেও ভিপি পদে জয় পান স্বতন্ত্র প্রার্থী। জিএস আসিফ ইমাম ও এজিএস মো. ফোজায়েল আহমাদ শিবির-সমর্থিত হিসেবে পরিচিত।
অমর একুশে হল সংসদে নয়জন শিবির-সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। ভিপি মো. রবিউল ইসলাম, জিএস মোহাম্মদ রবিউল ইসলাম এবং এজিএস উবায়দুর রহমান হাসিব জয়ী হন।
এই হিসাব অনুযায়ী, অধিকাংশ হলেই শীর্ষ তিন পদে শিবির-সমর্থিত প্রার্থীদের জয় এসেছে। ব্যতিক্রম শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, যেখানে জিএস পদে ছাত্রশক্তি-সমর্থিত প্রার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, যেখানে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
তবে নির্বাচনের সরকারি ফলাফলে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় উল্লেখ থাকে না। ফলে ১১৯ জনকে শিবির-সমর্থিত হিসেবে চিহ্নিত করার ভিত্তি—সংগঠনের অভ্যন্তরীণ পরিচয়, নির্বাচনী প্রচারে সমর্থন, সংশ্লিষ্টদের বক্তব্য কিংবা পরবর্তী সাংগঠনিক সম্পৃক্ততা—স্পষ্ট করা জরুরি। এ পার্থক্য না রাখলে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ও রাজনৈতিক পরিচয়ের হিসাব একাকার হয়ে যেতে পারে।
শিক্ষার্থীদের চোখে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা
শিক্ষার্থী শাহিব মনে করেন, ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আরও স্পষ্ট হয়েছে। তাঁর অভিযোগ, প্রতিটি হলে সংগঠনটির নিজস্ব কমিটি থাকলেও প্রকাশ্যে শুধু সমন্বয়কের নাম ঘোষণা করা হয়েছে। অতীতে ছাত্রলীগের সঙ্গে গেস্টরুম ও গণরুম সংস্কৃতিতে শিবিরের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি। তাঁর মতে, গণতান্ত্রিক ছাত্ররাজনীতির স্বার্থে সংগঠনটির পূর্ণাঙ্গ পরিচয় ও কাঠামো প্রকাশ করা উচিত।
তবে শিক্ষার্থী মিরাজ মজুমদারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাঁর মতে, শিবিরের রাজনৈতিক কার্যক্রমের বড় অংশ প্রকাশ্যেই দেখা যায়। কিন্তু চাকরি, প্রশাসন, গণমাধ্যম কিংবা একাডেমিয়ার মতো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের নেতিবাচক প্রভাবের আশঙ্কায় অনেকে পরিচয় প্রকাশে সতর্ক থাকেন। তাঁর ধারণা, অতীতে শিবিরের ওপর দমন-পীড়নের অভিজ্ঞতা সংগঠনটির বর্তমান অবস্থানকে প্রভাবিত করেছে। ফলে বিষয়টিকে শুধু গুপ্ত রাজনীতির সমস্যা হিসেবে না দেখে রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের ওপর সম্ভাব্য প্রাতিষ্ঠানিক চাপের দিকটিও বিবেচনা করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে নিয়মিত কর্মসূচি, হল ও অনুষদভিত্তিক সমন্বয়ক নিয়োগ, মিছিল, বাইক শোডাউন, ক্রিকেট টুর্নামেন্ট, নবীনবরণ ও স্মরণসভাসহ বিভিন্ন আয়োজনের কারণে শিবিরকে এখন আর পুরোপুরি আড়ালে থাকা সংগঠন বলা যায় না। তাঁর মতে, অন্য ছাত্রসংগঠনের মতো আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের বদলে শিবির সভা-সেমিনার, প্রদর্শনী ও প্রতিযোগিতাভিত্তিক কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে অতীতের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বিভিন্ন বিতর্কের কারণে সংগঠনটিকে নিয়ে অবিশ্বাস রয়ে গেছে।
ছাত্রশক্তি ও ছাত্রদলের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাকিবের অভিযোগ, শিবির কখনো অরাজনৈতিক ব্যানারে, কখনো সমন্বয়ক পরিচয়ে, আবার কখনো সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তাঁর মতে, এটি রাজনৈতিক দ্বিচারিতা ও প্রতারণা। এতে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হন এবং তাঁদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ক্ষুণ্ন হয়।
সাকিব বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই রাজনৈতিক পরিচয় গোপন করে অন্য পরিচয়ে রাজনীতি করার যৌক্তিকতা নেই। সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার জন্য সংগঠনগুলোর পরিচয় ও অবস্থান স্পষ্ট থাকা প্রয়োজন।
শেখ মুজিবুর রহমান হল সংসদে বিজয়ী ছাত্রদল নেতা রিজভী আহমেদের অভিযোগ, শিবিরের হলে কমিটি রয়েছে, কিন্তু তারা তা প্রকাশ করে না। তাঁর ভাষায়, ‘এটা তাদের গুপ্ত স্ট্র্যাটেজি।’ তিনি বলেন, ৫ আগস্টের পর শিবিরের কর্মীরা হলে হলে ব্যাচ প্রতিনিধি পরিচয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে অন্য ছাত্রসংগঠনের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।
রিজভীর দাবি, নির্বাচনী প্রচারণার সময় শিবির-সমর্থিত অনেক প্রার্থী নিজেদের স্বতন্ত্র পরিচয়ে উপস্থাপন করেছেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন। পরে তাঁদের শিবিরের সঙ্গে সম্পৃক্ততা সামনে এসেছে বলে তিনি অভিযোগ করেন।
ছোট কমিটি, কাজের পরিধিই কারণ: শিবির
একাধিক দায়িত্ব পালনের বিষয়ে শিবির নেতা তাওকির হাসান বলেন, বিশ্ববিদ্যালয় শাখার প্রকাশনা সম্পাদক, হল সমন্বয়ক এবং শহীদুল্লাহ হল সংসদের জিএস হিসেবে তাঁর দায়িত্বের ক্ষেত্র আলাদা। তবে প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন, মেডিকেল ক্যাম্প, স্পোকেন ইংলিশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের মতো কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, হল সংসদের জিএস হিসেবে শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ, দুর্যোগকালে খাবার সরবরাহসহ বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক বলেন, ‘ছাত্রশিবিরে সবসময় নেতার সংখ্যা কম এবং কর্মী বা জনশক্তির সংখ্যা বেশি থাকে। কার্যক্রম পরিচালনায় যতজন নেতা প্রয়োজন, ততজনকে নিয়েই কমিটি করা হয়।’
গুপ্ত সংগঠন বলার অভিযোগ নাকচ করে তিনি বলেন, ছাত্রশিবির নিয়মিত প্রকাশ্য কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে সংগঠনের পরিচয়সংবলিত স্বেচ্ছাসেবক কার্ড ব্যবহার করা হয়। মিছিল-মিটিংয়ের ছবি ও ভিডিওও সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করা হয়। তাঁর দাবি, সংগঠনের পরিচয় গোপন রাখার কোনো কৌশল নেই।
কাজী আশিক আরও বলেন, শুরুতে হলগুলোতে কোনো সমন্বয়কও ছিল না। বিশ্ববিদ্যালয় শাখার নেতারাই হলের শিক্ষার্থীদের সঙ্গে কাজ সমন্বয় করতেন। পরে কাজের পরিধি বাড়ায় হল ও অনুষদে একজন করে সমন্বয়ক ঘোষণা করা হয়েছে। সমন্বয়ক ছাড়া অন্য কর্মীরাও নিজ নিজ হলে ছাত্রশিবিরের পরিচয়ে কাজ করেন। আপাতত পূর্ণাঙ্গ হল কমিটি প্রকাশের পরিকল্পনা নেই; ভবিষ্যতে প্রয়োজন হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বচ্ছতার প্রশ্নই মূল বিতর্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির পরিবেশ বদলেছে। একদিকে ছাত্রসংগঠনগুলোর প্রকাশ্য তৎপরতা ও সাংগঠনিক প্রতিযোগিতা বেড়েছে, অন্যদিকে অতীতের দমন-পীড়ন, আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও রয়ে গেছে। এই বাস্তবতায় কোনো সংগঠন ছোট সাংগঠনিক কাঠামো রাখবে, নাকি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে—তা তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে। কিন্তু নির্বাচনে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক সমর্থন এবং প্রচারণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলে তার জবাবও প্রয়োজন।
শিবিরের নেতারা বলছেন, সমন্বয়ক নিয়োগ কাজের সুবিধার জন্য; প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর অভিযোগ, এর আড়ালে রাজনৈতিক পরিচয় গোপন রাখা হচ্ছে। দুই পক্ষের বক্তব্যের বাইরে মূল প্রশ্নটি হলো, শিক্ষার্থীরা তাঁদের প্রতিনিধিদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে কতটা জানার সুযোগ পাচ্ছেন। গণতান্ত্রিক ছাত্ররাজনীতিতে সংগঠনের পরিচয় প্রকাশ, নির্বাচনী স্বচ্ছতা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা—এই তিনটি বিষয় নিশ্চিত না হলে অবিশ্বাস ও বিতর্ক কাটানো কঠিন হবে।