বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ সরল

বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত ও বাড়তি ব্যয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ; নভেম্বরের প্রথম ১৮ দিনে মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্য দেশে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো

বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট, কাঁচামালের বাড়তি দাম এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় নভেম্বরের প্রথম ১৮ দিনে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর সবচেয়ে বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও পেয়েছে কিছু ক্রয়াদেশ।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে তিন বাংলাদেশি পোশাক কারখানার মালিকের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তাঁদের ভাষ্য, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের পরিমাণ বাংলাদেশের এক মাসের মোট ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) ও সেলিওর নাম এসেছে প্রতিবেদনে। তবে এসব ক্রয়াদেশ সরানোর বিষয়ে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিওও রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) জানিয়েছে, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ ও উৎপাদন বিঘ্নের কারণে এ খাতে ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়েছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দশক ধরে কম শ্রমব্যয় ও বড় উৎপাদন সক্ষমতার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে ওঠার পেছনে এই সুবিধার বড় ভূমিকা ছিল। কিন্তু মজুরি বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট, কাঁচামালের দাম এবং রাজনৈতিক অস্থিরতা সেই সুবিধাকে সংকুচিত করছে। ফলে ক্রেতারা এখন একক দেশের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎপাদনকেন্দ্র গড়ে তুলতে চাইছেন।

নভেম্বরের শেষ দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের পরও অস্থিরতা পুরোপুরি কাটেনি। নতুন কাঠামোয় ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শ্রমিকদের দাবি ছিল আরও বেশি। সিদ্ধান্ত ঘোষণার পরও বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের একাংশ নতুন মজুরি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো কম।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর চাপ তৈরি করেছে। এমন সময়ে মজুরি বাড়াতে হয়েছে, যখন আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হলে তা একদিকে কারখানার আর্থিক ক্ষতি কমাতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখতেও সহায়ক হতে পারে। তবে কোন কোন ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

দ্রুত পণ্য সরবরাহে পিছিয়ে বাংলাদেশ

শুধু উৎপাদন ব্যয় নয়, পণ্য সরবরাহের সময়ও বাংলাদেশের প্রতিযোগিতার ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠছে। বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন চৌধুরীর ভাষ্য, ক্রেতারা এখন অনেক ক্ষেত্রে দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য হাতে পাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সময়সীমা কঠোর হলে পণ্যের দাম তুলনামূলক কম হওয়াও ক্রেতাদের কাছে গৌণ হয়ে যায়।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারে। ভিয়েতনাম ও কম্বোডিয়া এ ক্ষেত্রে প্রায় ১৫ দিন এগিয়ে। প্রতিদ্বন্দ্বী কয়েকটি উৎপাদনকেন্দ্রে উৎপাদন থেকে পণ্য সরবরাহ পর্যন্ত সময় লাগে ৬০ থেকে ৯০ দিন। বাংলাদেশে একই প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন লাগছে।

শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের কাজের জট তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা বিবেচনা করছে। এতে উৎপাদন ও সরবরাহ ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোর পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে বলেন, ১ নভেম্বর থেকে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। পুরোনো কিছু অর্ডার সরিয়ে নেওয়া, স্থগিত করা কিংবা বাতিল করার কথা ক্রেতারা তাঁকে জানিয়েছেন। তাঁর বক্তব্য, অস্থিরতার প্রভাব ইতিমধ্যে নতুন ব্যবসা পাওয়ার ক্ষেত্রেও পড়ছে।

ভারতের পোশাকশিল্পে শেয়ারের দাম বেড়েছে

বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরে যাওয়ার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াকেও বিকল্প হিসেবে বিবেচনা করছেন। অর্থাৎ ক্রয়াদেশ স্থানান্তরের বিষয়টি শুধু ভারতের দিকে ঝুঁকে পড়া নয়; আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর উৎসবৈচিত্র্য বাড়ানোর প্রবণতারও ইঙ্গিত দিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের কয়েকটি বস্ত্র ও পোশাকশিল্প প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গোকলদাস এক্সপোর্টসের শেয়ারদর একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বেড়েছে। ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের শেয়ারদরও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। বাজারে এই উত্থানকে বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরে যাওয়ার সম্ভাব্য সুফলের সঙ্গে সম্পর্কিত করে দেখা হচ্ছে।

সাময়িক স্থানান্তর স্থায়ী হওয়ার আশঙ্কা

শিল্পমালিকদের বড় উদ্বেগ, বর্তমানে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ ভবিষ্যতে আর বাংলাদেশে নাও ফিরতে পারে। কারণ, একবার বিকল্প সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলে ক্রেতারা পরবর্তী মৌসুমেও তাদের কাছ থেকে পণ্য নিতে পারেন। উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বাংলাদেশের বাজার হিস্যা আরও কমার ঝুঁকি রয়েছে।

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটও পরিস্থিতিকে জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বেড়েছে। কিছু কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমিকের মজুরি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বিতর্কের পাশাপাশি উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ, অবকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নও সামনে এসেছে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি ব্যয়ের চাপের মধ্যেও আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দাম কম রাখতে চাইছেন। শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, ন্যায্য মজুরি নিশ্চিত না করে শিল্পের প্রতিযোগিতা ধরে রাখা সম্ভব নয়।

এই দুই বাস্তবতার মধ্যে সমন্বয় না হলে সংকট আরও গভীর হতে পারে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য পরিবহন এবং শ্রমিক-মালিক সম্পর্কের স্থিতিশীলতা জরুরি হয়ে উঠেছে।

মহিউদ্দিন চৌধুরীর আশঙ্কা, অস্থিরতার সুযোগে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হলেও আর ফিরে নাও আসতে পারে। তাঁর মতে, সাময়িক স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে হবে। কারণ, বৈশ্বিক ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প উৎপাদনকেন্দ্র রয়েছে; অনিশ্চয়তা চলতে থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

১

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

২

এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান

৩

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

৪

কিংসের জয়, মোহামেডানের প্রথম হার; পুলিশের দাপটে শীর্ষে আবাহনীকে হারাল

৫

জামায়াত জোটের সঙ্গে নয়, ইসির সঙ্গে এককভাবে বৈঠক করবে এনসিপি

৬

আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

৭

আবারও পাকিস্তানের কাছে হার, সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

৮

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

৯

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

১০

রিকশার ব্যাটারি শেষ হয়, খোলস ভাঙা বিষাক্ত সিসা হয়ে ওঠে নতুন পণ্য

১১

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

১২

হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের প্রস্তুতি, সীমান্তে চিহ্নিত ৯ পথ

১৩

বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত

১৪

কমিটির বদলে হলে হলে সমন্বয়ক শিবিরের, গুপ্ত রাজনীতি নাকি সাংগঠনিক কৌশল?

১৫

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }