৭৫ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। এবারের আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ, যিনি সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাব অর্জন করেছেন।

বৃহস্পতিবার লাহোরের ঐতিহ্যবাহী ফালেট্টিস হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।

২৪ বছর বয়সী আনিকা ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে চান।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনেও আনিকার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় চারটি শিরোপা অর্জন করেন তিনি।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন পাকিস্তানের প্রথম প্রতিনিধি আনিকা মেরাজ।

অন্যদিকে, বাংলাদেশ থেকে এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। পাকিস্তানের প্রথম অংশগ্রহণ এবং দক্ষিণ এশিয়ার দুই দেশের প্রতিনিধিত্ব নিয়ে এবারের আসর ঘিরে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত