বরগুনার তালতলীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে ছাত্রলীগ কর্মী মো. রাজু।
পুলিশ জানায়, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, একটি পূর্বের মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।