উত্তর সিরিয়ার আলেপ্পোর কাছে একটি অস্ত্রগুদামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ঈস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোতে বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলি।
আলেপ্পো থেকে আল জাজিরার প্রতিবেদক ওবায়দা হিত্তো জানান, প্রাথমিক বিস্ফোরণের পরও ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আমরা এখন বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক গাড়িকে ওই স্থাপনার দিকে যেতে দেখেছি।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল ঘারিব স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানান, তারা বিরাট বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে ছাদে উঠে দূরে বড় আগুনের শিখা দেখতে পান।
সিরিয়ায় এর আগেও সামরিক স্থাপনা ও অস্ত্রগুদামে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে। ২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে দেশটি।
শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন।
এর আগে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। তার এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন।